পাহাড়ে বৈসাবির আমেজ

পাহাড়ে শুরু হয়ে গেছে ঐতিহ্যবাহী বৈসাবি উৎসবের আমেজ। এ উপলক্ষে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠানের।
বাংলা বর্ষের শেষ দুই দিন ও নতুন বছরের প্রথম দিনটি ঘিরেই এই উৎসবের আয়োজন করা হয়। উৎসবকে ত্রিপুরা ভাষায় বৈসুক, মারমা ভাষায় সাংগ্রাই ও চাকমা ভাষায় বিঝু বলা হয়। সংক্ষেপে বলা হয় বৈসাবি।
বৈসাবি উপলক্ষে খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট তিন দিনের মেলার আয়োজন করেছে। বুধবার মেলার উদ্বোধন করা হয়। মেলায় আদিবাসীদের বেইন (কোমর তাঁত) বুনন, পাচন রান্না, চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন করা হয়েছে।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ বৈসাবি ও নববর্ষ উপলক্ষে ১২ এপ্রিল বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করবে। এ ছাড়া আদিবাসীদের ঐতিহ্যবাহী গান, নাচ ও খেলাধুলার আয়োজন করা হয়েছে। একই দিন সর্বজনীন বৈসাবি উদ্যাপন কমিটির উদ্যোগে শোভাযাত্রা, নদীতে ফুল ভাসানো ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উদ্যাপন কমিটির সদস্যসচিব মিলন দেওয়ান জানান, শোভাযাত্রায় আদিবাসীদের সংস্কৃতি তুলে ধরা হবে।
খাগড়াছড়ি জেলা সদর ছাড়াও জেলার বিভিন্ন প্রত্যন্ত গ্রামে উৎসব উপলক্ষে খেলাধুলার আয়োজন করা হয়েছে।