পাহাড়ে ব্যবস্থাপনায় দ্বন্দ্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাটবাজার ব্যবস্থাপনা নিয়ে পার্বত্য জেলা পরিষদগুলোর সঙ্গে ইউনিয়ন পরিষদ (ইউপি) ও পৌরসভাগুলোর দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। পৌর কর্তৃপক্ষের অভিযোগ, বিভিন্ন হাটবাজারের উন্নয়নে সংশ্লিষ্ট পৌরসভা কাজ করে। কিন্তু বাজার ইজারা দেয় পার্বত্য জেলা পরিষদ।অপরদিকে ইউপি চেয়ারম্যানরা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, সারা দেশে হাটবাজার ইজারার দায়িত্ব ইউপি কর্তৃপক্ষের। একমাত্র পার্বত্য চট্টগ্রামের হাটবাজারগুলো ইজারা দেয় পার্বত্য জেলা পরিষদ। এ নিয়ে দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে পার্বত্য জেলা পরিষদের সঙ্গে ইউনিয়ন পরিষদ ও পৌরসভাগুলোর দ্বন্দ্ব চলে আসছে।রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা অরুণেন্দু ত্রিপুরা বলেন, পার্বত্য চট্টগ্রামে ইউপি ব্যবস্থা প্রবর্তিত হওয়ার আগে হাটবাজার ব্যবস্থাপনার দায়িত্ব ছিল জেলা প্রশাসনের। পরে হাটবাজারের সংখ্যা বেড়ে যাওয়ায় ১৯৩৭ সালে প্রবর্তন করা হয় বাজারফান্ড প্রশাসন আইন। এ আইনের অধীনে জেলা প্রশাসন প্রত্যেক বাজারে একজন করে বাজার-চৌধুরী নিয়োগ দিয়ে খাজনা আদায়ের ব্যবস্থা গ্রহণ করে। ১৯৮৯ সালে পার্বত্য তিন জেলায় স্থানীয় সরকার পরিষদ (বর্তমান পার্বত্য জেলা পরিষদ) ব্যবস্থা প্রবর্তিত হয়। ওই সময় বাজারফান্ড প্রশাসন পার্বত্য জেলা পরিষদের কাছে হস্তান্তর করা হয়। তখন থেকে ইজারার মাধ্যমে হাটবাজারে টোল আদায় শুরু হয়।রাঙামাটি পৌরসভার মেয়র সাইফুল ইসলাম চৌধুরী বলেন, পৌরসভা এলাকার বাজারগুলোতে আলোর ব্যবস্থা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করে পৌরসভা। কিন্তু বাজার ইজারার দায়িত্ব জেলা পরিষদের। বাজার থেকে আয়ের কোনো অংশ পৌরসভাকে দেয় না জেলা পরিষদ।রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের বাজারফান্ড প্রশাসনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফুর রশীদ খান বলেন, বাজারের আয় থেকে বাজার-চৌধুরীকে ১৭ শতাংশ, ইউনিয়ন পরিষদকে ২০ শতাংশ, সরকারি কোষাগারে ভ্যাটসহ ১২ শতাংশ দেওয়া হয়। অবশিষ্ট অর্থ বাজারের উন্নয়ন, বাজারফান্ডের কর্মকর্তা-কর্মচারী ও বাজারের ঝাড়ুদারদের বেতনভাতা বাবদ ব্যয় করা হয়। তিনি অভিযোগ করেন, ইউনিয়ন পরিষদের মতো পৌরসভাকে ২০ শতাংশ দেওয়ার প্রস্তাব দেওয়া হলেও তা গ্রহণ করা হয়নি। আর রাঙামাটি পৌরসভার বাজার তিনটি নানা জটিলতায় ইজারা বন্ধ রয়েছে।