পাহাড়ে ভূমি বেদখলের মহোৎসব চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সন্তু লারমা
সন্তু লারমা

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা অভিযোগ করেছেন, পাহাড়ে অব্যাহতভাবে ভূমি বেদখলের মহোৎসব চলছে। নিরীহ পাহাড়িদের ভূমি দখল করা হচ্ছে। তিনি বলেন, ভূমিবিরোধ নিষ্পত্তি আইন করা হলে বহিরাগতদের দখল করা জমি ও শাসকগোষ্ঠীর ভূমি দখল বন্ধ হবে। কিন্তু সরকার ভূমিবিরোধ নিষ্পত্তি আইন পাস করছে না। তাঁর অভিযোগ, সরকার বিজিবি ক্যাম্প ও পর্যটনের নামে ভূমি দখল করছে।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইছড়ি উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে সন্তু লারমা এসব কথা বলেন।
সন্তু লারমা বলেন, পার্বত্য চুক্তিকে সম্মান জানিয়ে জনসংহতি সমিতির একটি অংশ অস্ত্র জমা দেয়। নতুন ও নিরাপদ জীবন পাওয়ার আশায় এ কাজ করা হয়েছে। কিন্তু চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। তিনি বলেন, কিছু বিপথগামী জুম্ম (পাহাড়ি) নিজেদের স্বার্থে চুক্তিবিরোধী কাজ করছে। তাদের এমন কাজ থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘আপনারা যদি জাতির ও চুক্তির পক্ষে কাজ করতে না পারেন, তাহলে চুপ করে থাকবেন। না হলে জুম্ম জাতি আপনাদের ক্ষমা করবে না।’
সমাবেশে জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক কে এস মং মারমা বলেন, চুক্তি বাস্তবায়নের জন্য অব্যাহত অসহযোগ আন্দোলন চলছে। অসহযোগ জোরদার করার জন্য প্রয়োজনে হরতাল ও অবরোধ কর্মসূচি দেওয়া হবে।
জনসংহতি সমিতির রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা শাখার সভাপতি প্রভাত কুমার চাকমার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শক্তিপদ ত্রিপুরা, এম এন লারমা মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি বিজয় কেতন চাকমা, জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য উদয়ন ত্রিপুরা, জনসংহতি সমিতির বাঘাইছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক বড়ঋষি চাকমা প্রমুখ।