পাহাড়ে ভ্রাতৃঘাতী সংঘাত বন্ধের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রামে চলমান ভ্রাতৃঘাতী সংঘাত বন্ধের জন্য জনসংহতি সমিতির সভাপতি ও আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমার কাছে দাবি জানিয়েছেন খাগড়াছড়ি জেলার জনপ্রতিনিধি, ঐতিহ্যবাহী নেতৃত্ব হেডম্যান ও কার্বারিসহ বিশিষ্ট ব্যক্তিরা। গতকাল শুক্রবার সংবাদমাধ্যমকে দেওয়া এক যৌথ বিবৃতিতে তাঁরা এ দাবি জানান।বিবৃতিতে স্বাক্ষরকারীরা গত ২১ মে রাঙামাটির বরকল উপজেলার সুবলং ইউনিয়নের মিদিঙাছড়ি গ্রামে সশস্ত্র হামলায় ইউপিডিএফের কেন্দ্রীয় নেতা অনিমেষ চাকমাসহ চারজন নিহত হওয়ার ঘটনাসহ এর আগে সংঘটিত সহিংস ঘটনায় গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেন। বিবৃতিতে তাঁরা বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে চলমান ভ্রাতৃঘাতী সংঘর্ষে গত ১৩ বছরে ইউপিডিএফ ও জেএসএসের শত শত নেতা-কর্মী ও সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন। শত শত পরিবার ক্ষতিগ্রস্ত হয়ে পথে বসেছে। অবিলম্বে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জাতি ও জনগণের স্বার্থে এই ভ্রাতৃঘাতী সংঘাত বন্ধ হোক। আর যেন পাহাড়ে রক্তপাত না হয়, আর যেন খালি না হয় কোনো মায়ের কোল।’ বিবৃতিতে স্বাক্ষর করেন পানছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সর্বোত্তম চাকমা, মহালছড়ি চেয়ারম্যান সোনারতন চাকমা, দীঘিনালার ভাইস চেয়ারম্যান সুপ্রিয় চাকমা, লক্ষ্মীছড়ির ভাইস চেয়ারম্যান মিলন চাকমা, মহালছড়ির ভাইস চেয়ারম্যান থুইহ্লাঅং মারমা, খাগড়াছড়ি জেলার হেডম্যান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক স্বদেশপ্রীতি চাকমা, মহালছড়ি উপজেলার হেডম্যান অ্যাসো-সিয়েশনের সভাপতি সুধাংশু বিকাশ খীসা, খাগড়াছড়ি জেলা কার্বারি অ্যাসোসিয়েশনের সভাপতি রণিক ত্রিপুরা, রামগড় উপজেলার হাফছড়ি ইউনিয়নের চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী প্রমুখ।