পাহাড়ে মেয়র বাংলো নির্মাণে বাধা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আড়াই বছর কাজ বন্ধ থাকার পর পাহাড়ের ওপর মেয়রের বাংলো নির্মাণের জন্য পরিবেশ অধিদপ্তরের অনাপত্তিপত্র পেয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন। এ জন্য করপোরেশনকে ১৫টি শর্ত মেনে চলতে হবে।

মেয়র আ জ ম নাছির উদ্দীন প্রথম আলোকে বলেন, আগের মেয়র মোহাম্মদ মনজুর আলম এই বাংলোর নির্মাণকাজ শুরু করেছিলেন। পরিবেশ ছাড়পত্র না থাকায় এটি নিয়ে রিট হয়েছিল। তখন মাঝপথে এর নির্মাণকাজ বন্ধ হয়ে যায়। সম্প্রতি রিটের নিষ্পত্তি হয়েছে। পরিবেশ অধিদপ্তরেরও ছাড়পত্র পাওয়া গেছে। অধিদপ্তরের সব শর্ত মেনেই বাংলো নির্মাণ করা হবে।

গতকাল মঙ্গলবার বিকেলে সরেজমিনে দেখা যায়, পাহাড়ের ওপর অসমাপ্ত অবস্থায় পড়ে আছে ২৫টি স্তম্ভ (পিলার)। বাংলো নির্মাণের জন্য এসব স্তম্ভ নির্মাণ করা হয়েছিল। সেখানে কিশোরেরা ক্রিকেট খেলছিল। বাংলোর জন্য আনা রডের ওপর ঘাস জমেছে।

সিটি করপোরেশন পরিবেশ অধিদপ্তরের অনুমতি না নিয়ে ২০১৩ সালের সেপ্টেম্বরে নগরের টাইগারপাস পাহাড়ে ‘মেয়র বাংলোর’ নির্মাণকাজ শুরু করেছিল। এ নিয়ে ওই বছরের ৩০ সেপ্টেম্বর প্রথম আলোতে ‘পাহাড়ে মেয়রের বাংলো, পরিবেশ অধিদপ্তরের অনুমতি নেই’ শীর্ষক সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।

পাহাড়ের ওপর মেয়রের বাংলো নির্মাণের বৈধতা চ্যালেঞ্জ করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ নামের একটি সংগঠন ২০১৩ সালের ৭ অক্টোবর হাইকোর্টে রিট করে। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। পরে ২০১৪ সালের ৪ জুন রিটের নিষ্পত্তিতে আদালত বলেন, পাহাড়ের ওপর বাংলো নির্মাণ করতে হলে পরিবেশ অধিদপ্তরের অনুমতি নিতে হবে।

তবে এরপরও আদালতের নির্দেশনা না মেনে পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়াই ২০১৪ সালের নভেম্বরে মেয়র বাংলোর অসমাপ্ত নির্মাণকাজ শুরু করে সিটি করপোরেশন। এর বিরুদ্ধে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ ওই বছরের ৪ ডিসেম্বর আবারও হাইকোর্টে রিট করে। হাইকোর্ট ৭ ডিসেম্বর মেয়র বাংলো নির্মাণে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। হাইকোর্টের নির্দেশে ১০ ডিসেম্বর চট্টগ্রাম জেলা প্রশাসন বাংলোর নির্মাণকাজ বন্ধ করে দেয়। পাহাড় কেটে মেয়র বাংলো নির্মাণের জন্য ১৫ ডিসেম্বর সিটি করপোরেশনকে পাঁচ লাখ টাকা জরিমানা করে পরিবেশ অধিদপ্তর।

পরিবেশ অধিদপ্তর যে ১৫ শর্তে বাংলো নির্মাণের ছাড়পত্র দিয়েছে, তার উল্লেখযোগ্য হলো প্রকল্পের জায়গা সম্প্রসারণ এবং নকশার পরিবর্তনের জন্য অধিদপ্তরের ছাড়পত্রের প্রয়োজন হবে। এই প্রকল্পের আওতায় কোনো পাহাড় ও টিলা কাটা কিংবা মোচন করা যাবে না। প্রকল্পের কার্যক্রমের মাধ্যমে যাতে পারিপার্শ্বিক পরিবেশের (মাটি, পানি ও বায়ু) ওপর কোনো বিরূপ প্রভাব না পড়ে, সে বিষয়ে ব্যবস্থা নিতে হবে। জীববৈচিত্র্য ও বন ও গাছপালা ক্ষতিগ্রস্ত করা যাবে না। প্রকল্পের কার্যক্রমের জন্য জনস্বার্থের ক্ষতি হলে তার ক্ষতিপূরণ দিতে হবে। অগ্নিনির্বাপণের জন্য যথাযথ ব্যবস্থা গড়ে তুলতে হবে।

পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রামের (নগর) পরিচালক আজাদুর রহমান মল্লিক গতকাল রাতে প্রথম আলোকে বলেন, মামলা গত মার্চে নিষ্পত্তি হয়ে গেছে। ১৫ শর্তে পাহাড়ের ওপর বাংলো নির্মাণের অনুমতি দেওয়া হয়েছে। সিটি করপোরেশন এসব শর্ত পালন করছে কি না, তা তদারকি করা হবে।