পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বলেছেন, পার্বত্য চট্টগ্রামের শিশু শিক্ষার্থীদের জন্য নিজ নিজ ভাষার শিক্ষক প্রয়োজন। তা না হলে মাতৃভাষায় শিশুদের পাঠদানে সমস্যা দেখা দেবে।
গতকাল বুধবার রাঙামাটি শহরে স্থানীয় উন্নয়ন সংস্থা আশিকা মানবিক উন্নয়নকেন্দ্রের সম্মেলনকক্ষে আয়োজিত মতবিনিময় প্রধান অতিথির বক্তব্যে সন্তু লারমা এ কথা বলেন।
আশিকা মানবিক উন্নয়নকেন্দ্র ও সেভ দ্য চিলড্রেন এই মতবিনিময় সভার আয়োজন করে। পার্বত্য চট্টগ্রামে ওই দুই সংস্থার শিশু ক্ষমতায়ন প্রকল্পের মেয়াদ শেষ হওয়া উপলক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
পার্বত্য চট্টগ্রামে আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সভায় আরও বলেন, দুই দশক পরও পার্বত্য চুক্তি বাস্তবায়ন হচ্ছে না। চুক্তি বাস্তবায়ন না হওয়ায় শাসনব্যবস্থা এখনো শাসকগোষ্ঠীর নিয়ন্ত্রণে। ফলে শিশুদের বেড়ে ওঠা ও শিক্ষাদান ব্যাহত হচ্ছে। তিনি বলেন, পাহাড়ি অধ্যুষিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অন্য ভাষাভাষী শিক্ষক নিয়োগ দেওয়ায় শিশুদের সঙ্গে শিক্ষদের দূরত্ব তৈরি হচ্ছে।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রাঙামাটি জেলা প্রশাসক মো. মানজারুল মান্নান, সেভ দ্য চিলড্রেনের শিক্ষা বিভাগের পরিচালক বুশরা জুলফিকার, সেভ দ্য চিলড্রেনের প্রকল্প পরিচালক মেহেরুন্নাহার, রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অরুন কান্তি চাকমা, কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম চৌধুরী।
সভায় সভাপতিত্ব করেন আশিকা মানবিক উন্নয়নকেন্দ্রের নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা। মতবিনিময় সভা সঞ্চালনা করেন আশিকা মানবিক উন্নয়নকেন্দ্রের কর্মকর্তা সুখেশ্বর চাকমা।