পাহাড়ে শুরু আনন্দ-আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে গতকাল শুরু হয়েছে বিঝু, সাংগ্রাই, বৈসুক, বিষু, বিহু উৎসব। উ​েদ্বাধনী অনুষ্ঠানে আদিবাসী শিল্পীদের ​নৃত্য পরিবেশনা l প্রথম আলো
রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে গতকাল শুরু হয়েছে বিঝু, সাংগ্রাই, বৈসুক, বিষু, বিহু উৎসব। উ​েদ্বাধনী অনুষ্ঠানে আদিবাসী শিল্পীদের ​নৃত্য পরিবেশনা l প্রথম আলো

আদিবাসী জুম্মু সংস্কৃতি বিকাশ ও ঐতিহ্য সংরক্ষণে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বানের মধ্য দিয়ে গতকাল শুক্রবার বিঝু, সাংগ্রাই, বৈসুক, বিষু, বিহু-২০১৫ উদ্যাপনের কর্মসূচি শুরু হয়েছে।
পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের বর্ষবিদায় ও বরণের উৎসব বিঝু, সাংগ্রাই, বৈসুক, বিষু, বিহু ঘিরে শুরু হয়ে গেছে আনন্দ-আয়োজন।
গতকাল সকালে বিঝু, সাংগ্রাই, বৈসুক, বিষু, বিহু উৎসব-২০১৫ উদ্যাপন কমিটি পার্বত্য চট্টগ্রামের আয়োজনে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে তিন দিনের কেন্দ্রীয় কর্মসূচির উদ্বোধন করেন শিক্ষাবিদ অধ্যাপক মানিক লাল দেওয়ান। এ সময় তিনি বলেন, ১৭ বছরেও পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়া হতাশাজনক। চুক্তি বাস্তবায়িত হলে উৎসব আরও প্রাণবন্ত হতো। সরকারের প্রতি পার্বত্য চুক্তি বাস্তবায়নের আহ্বান জানিয়ে মানিক লাল দেওয়ান বলেন, চুক্তি বাস্তবায়ন করা হলে পাহাড়ি-বাঙালি সবাই উপকৃত হবে। সবচেয়ে বেশি লাভবান হবে সরকার।
উদ্যাপন কমিটির আহ্বায়ক প্রকৃতি রঞ্জন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি থেকে নির্বাচিত সাংসদ ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহসভাপতি ঊষাতন তালুকদার বলেন, বিঝু, সাংগ্রাই, বৈসুক, বিষু, বিহু পার্বত্য চট্টগ্রামের সর্বজনীন উৎসব। শত প্রতিকূলতার মধ্যেও আদিবাসীরা যুগ যুগ ধরে এ উৎসব পালন করে আসছে।’
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য মাধবীলতা চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জগৎ জ্যোতি চাকমা। স্বাগত বক্তব্য দেন উৎসব উদ্যাপন কমিটির সমন্বয়ক বিজয় কেতন চাকমা।
পরে পৌরসভা প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। রাজবাড়ী এলাকার শিল্পকলা একাডেমীতে গিয়ে শোভাযাত্রা শেষ হয়।
বাঘাইছড়িতে বিঝু মেলা উদ্বোধন: বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি জানান, রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা সদরে আদিবাসীদের সামাজিক উৎসব বৈসাবি উপলক্ষে বিঝু মেলা উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার জীবঙ্গাছড়া বৌদ্ধবিহারে পাশে চার গ্রামের প্রধানেরা শান্তির প্রতীক পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন। মেলা আগামী শনিবার পর্যন্ত চলবে।
মেলা উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন কাচালং ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ দেবপ্রসাদ দেওয়ান, কাচালং বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ভদ্রসেন চাকমা, বিঝু মেলা উদ্যাপন কমিটির সহসভাপতি কান্তি চাকমা প্রমুখ।
বিঝু মেলা উদ্যাপন কমিটির সহসভাপতি কান্তি চাকমা জানান, মেলায় আদিবাসীদের ঐতিহ্যবাহী নাচ, গান, বলিখেলাসহ বিভিন্ন অনুষ্ঠান থাকছে। ১২ এপ্রিল মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে নদীতে ফুল ভাসানো হবে।