পাহাড়ে শোক ও শ্রদ্ধায় এম এন লারমাকে স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এম এন লারমার আদর্শ প্রতিপালন করা আমাদের সকলের দায়িত্ব। তাঁর আদর্শকে আন্তর্জাতিকভাবে তুলে ধরতে হবে। এম এন লারমা আমাদের বাঁচতে শিখিয়েছেন।’

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) প্রতিষ্ঠাতা ও সাবেক সাংসদ মানবেন্দ্র নারায়ণ লারমার (এম এন লারমা)৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালেরাঙামাটি শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে চাকমা সার্কেল প্রধান রাজা দেবাশীষ রায় এ কথা বলেন।

এম এন লারমারমৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বান্দরবান ও খাগড়াছড়িতেও বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

এম এন লারমা ১৯৭৩ সালে বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য চট্টগ্রাম উত্তর আসন থেকে সাংসদ নির্বাচিত হন। ১৯৭৫ সালে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সময় তিনি জনসংহতি সমিতির সহকর্মীদের নিয়ে আত্মগোপন করেন। ১৯৮৩ সালে আত্মগোপনে থাকা অবস্থায় উপদলীয় কোন্দলে আটজন সহকর্মীসহ নিহত হন এই নেতা।

রাঙামাটি: রাঙামাটিতে আয়োজিত স্মরণসভায় আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বলেন, ‘শাসকগোষ্ঠী এম এন লারমার আদর্শকে বিনষ্ট করার চেষ্টা করছে। তারা জনগণের স্বার্থের পরিপন্থী কাজ করে চলেছে।’

জনসংহতি সমিতির রাঙামাটি জেলা শাখার সভাপতি সুবর্ণ চাকমার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম আদিবাসী ফোরামের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা, অধ্যাপক মং সানু চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম আদিবাসী লেখক ফোরামের সভাপতি সুশীল চাকমা ও রাঙামাটি জেলা মহিলা সমিতির সাধারণ সম্পাদক কল্পনা চাকমা।

বান্দরবান: জেএসএসের জেলা শাখার সাধারণ সম্পাদক ক্য বা মং মারমা মুঠোফোনে জানান, মামলার কারণে জেএসএসের নেতা-কর্মীরা আত্মগোপনে থাকায় জেলা শহরে মৃত্যুবার্ষিকী উপলক্ষে কর্মসূচি পালন করা সম্ভব হয়নি। তবে জেলার ছয়টি উপজেলায় জেএসএস ও পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) নেতা-কর্মীরা বিভিন্ন কর্মসূচি পালন করেছেন।

জেএসএসের নাইক্ষ্যংছড়ি উপজেলা সাধারণ সম্পাদক মংনু মারমা জানান, সকালে শোক র‍্যালি ও শোকসভা এবং সন্ধ্যায় ফানুসবাতি ওড়ানো হয়। ডুংরি হেডম্যানপাড়ার কার্বারি (পাড়াপ্রধান) চাইকিং অং মারমার সভাপতিত্বে শোকসভায় বক্তব্য দেন জেএসএসের উপজেলা সভাপতি মংমং মারমা, সহসভাপতি সুমেন তঞ্চঙ্গ্যা, পিসিপির সভাপতি দীপু মারমা প্রমুখ।

জেএসএসের রুমা উপজেলা সভাপতি লুপ্রু মারমা জানান, তাঁরাও উপজেলার শোক র‍্যালি, আলোচনা সভা ও ফানুসবাতি ওড়ানোর কর্মসূচি পালন করেছেন। এ ছাড়া রোয়াংছড়ি, থানচি ও আলীকদমেও বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

খাগড়াছড়ি: সকালে জেএসএসের (এম এন লারমা) নেতা-কর্মীরা খাগড়াছড়ি শহরের মহাজনপাড়া এলাকায় এম এন লারমার স্মৃতিভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সেখানে স্মরণসভার আয়োজন করা হয়।

জেএসএসের (এম এন লারমা) খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি প্রীতিময় চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন জেএসএসের (এম এন লারমা) কেন্দ্রীয় সভাপতি সুধাসিন্দু খীসা। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক দীপু রঞ্জন চাকমা।

দীঘিনালা (খাগড়াছড়ি): সকালে দীঘিনালা সদরে লারমা স্কয়ারে এম এন লারমার স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে পাহাড়ি বিভিন্ন সংগঠন। সকাল ১০টায় লারমা স্কয়ার থেকে বের করা হয় শোক র‍্যালি। উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেএসএস (এম এন লারমা) কার্যালয়ের সামনে গিয়ে শোক র‍্যালি শেষ হয়। পরে সেখানে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জেএসএসের (এম এন লারমা) উপদেষ্টা নরেশ চাকমা। সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেএসএসসের (এম এন লারমা) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তাতিন্দ্র লাল চাকমা। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুসময় চাকমা, ত্রিপুরা কল্যাণ সংসদের সভাপতি নলেন্দ্র লাল ত্রিপুরা, বোয়ালখালী মৌজাপ্রধান ত্রিদিব রায় পোমাং।

{প্রতিবেদন তৈরিতে তথ্য পাঠিয়েছেন বান্দরবান, খাগড়াছড়ি, দীঘিনালা ও বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি}