পার্বত্য ভূমি সমস্যার সমাধান হলে পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা হবে। এখন আর কেউ সংঘাত চায় না। সবাই সম্প্রীতি, সহাবস্থান চায়। গতকাল বৃহস্পতিবার খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় হেডম্যান (মৌজাপ্রধান) ও কার্বারি (গ্রামপ্রধান) সম্মেলনে বক্তাদের আলোচনায় এসব বিষয় উঠে এসেছে।
উপজেলার বাবুছড়া ইউনিয়নের কালাচাঁদ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনে ১০ জন হেডম্যান ও ৪৫ জন কার্বারি উপস্থিত ছিলেন। সম্মেলনে হেডম্যান ও কার্বারিরা বলেন, দীঘিনালায় ৫১ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তর স্থাপনের কারণে ক্ষতিগ্রস্ত ২১টি পরিবার মানবেতর জীবন যাপন করছে। এসব পরিবারকে পুনর্বাসনের দাবি জানান তাঁরা।
বাবুছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সুগতপ্রিয় চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য দেন দীঘিনালা সেনা জোন অধিনায়ক লে. কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ, বাবুছড়া সাবজোন অধিনায়ক মেজর মো. শাহীন, উপজেলা পরিষদ চেয়ারম্যান নব কমল চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. শহিদুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান গোপাদেবী চাকমা, দীঘিনালা ইউপির চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা প্রমুখ।
সম্মেলনে হেডম্যান ও কার্বারিদের মধ্যে বক্তব্য দেন ৪৮ নম্বর ধনপাতা মৌজাপ্রধান যুবলক্ষ্মণ চাকমা, ৩৩ নম্বর নুনছড়ি মৌজাপ্রধান উদয় শংকর চাকমা, রুকচন্দ্র কার্বারিপাড়ার গ্রামপ্রধান তরুণ তপন চাকমা, মগ্যা কার্বারিপাড়ার গ্রামপ্রধান সুদাংশু বিকাশ চাকমা, সংরক্ষিত ইউপি সদস্য প্রতিভা চাকমা এবং ইউপি সদস্য সমর বিজয় চাকমা।
সম্মেলনে সেনা কর্মকর্তা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা বলেন, ২১টি পরিবারকে পুনর্বাসনের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে। তবে ২১টি পরিবারকে নিয়ে কেউ যেন কোনো অপরাজনীতি করতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। তাহলে ২১টি পরিবারের পুনর্বাসনপ্রক্রিয়া বাধাগ্রস্ত হবে। সবাইকে ইতিবাচক মনোভাব নিয়ে সহযোগিতা করলে বিষয়টির সমস্যা সমাধান সম্ভব বলে মনে করেন তাঁরা।