ভূমি বিরোধ ও সামরিকীকরণকে পার্বত্য চট্টগ্রামের মূল সমস্যা বলে মনে করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান।গতকাল সোমবার রাজধানীতে ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি (১৯৯৭) বাস্তবায়নে বর্তমান অবস্থা’ বিষয়ে এক জাতীয় সেমিনারে তিনি এই মত দেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এই সেমিনার যৌথভাবে আয়োজন করে জাতীয় মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)।মিজানুর রহমান বলেন, পার্বত্য অঞ্চলের স্থিতিশীলতার জন্য ভূমি বিরোধ নিষ্পত্তি ও সামরিকীকরণের অবসান ঘটাতে হবে। তিনি বলেন, ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর ওই অঞ্চলে সশস্ত্র সংঘাতের অবসান হয়েছে। কিন্তু এর পরও এই অঞ্চলের মানুষের মনে প্রশান্তি আসেনি, এখনো এখানকার মানুষ শঙ্কার মধ্যে নিপতিত। পার্বত্য চুক্তি বাস্তবায়নের ধীরগতিই এর কারণ।’সেমিনারে প্রশ্ন এসেছিল, সরকারের পার্বত্য চুক্তি বাস্তবায়ন না হওয়ার জন্য বর্তমান সরকারের রাজনৈতিক সদিচ্ছার অভাব কি বড় কারণ? মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এর সঙ্গে দ্বিমত প্রকাশ করে বলেন, ‘সরকারের সদিচ্ছার ঘাটতি আছে বলে মনে করি না। কিন্তু কোনো কোনো স্থান থেকে সরকারকে ভুল তথ্য দেওয়া হয়। সরকারকে বোঝানো হয়, চুক্তি বাস্তবায়ন করলে রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত হবে।’ এই ‘কোনো কোনো মহল’ কারা, তা না বললেও মিজানুর রহমান পাহাড়ে বর্তমানে সেনাবাহিনী পরিচালিত ‘অপারেশন উত্তরণ’-এর সমালোচনা করেন। তিনি বলেন, ‘“অপারেশন দাবানলের” পর এখন “অপারেশন উত্তরণ” চলছে। প্রশ্ন হলো, কবে পাহাড়ে সত্যিকার অর্থে পূর্বের অবস্থা থেকে নতুন অবস্থায় উত্তরণ ঘটবে?’পাহাড়ে শান্তির শর্ত পার্বত্য চুক্তির বাস্তবায়ন—এই মন্তব্য করে সেমিনারের প্রধান অতিথি রাশেদ খান মেনন মনে করেন, এই সরকারের আমলে পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হলে তা আর কখনো হবে না। সরকারের হাতে যে কদিন সময় আছে, এর মধ্যেই এই চুক্তি বাস্তবায়ন করার তাগিদ দেন তিনি। পার্বত্য চুক্তি বাস্তবায়ন না হওয়ার পেছনে আমলাতান্ত্রিক জটিলতাকে বড় একটি কারণ বলে মনে করেন মেনন। তিনি মনে করেন, দীর্ঘ ১৫ বছর পরও চুক্তির মূল ধারাগুলো বাস্তবায়িত না হওয়ায় পার্বত্য চট্টগ্রামে চুক্তিবিরোধী শক্তিগুলো দিনে দিনে আরও সংগঠিত হয়ে উঠছে।গতকালের সেমিনারে মূল প্রবন্ধ পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগের অধ্যাপক সৌরভ সিকদার। বিভিন্ন অধিবেশনে আলোচনা করেন মানবাধিকার কমিশনের সাম্মানিক সদস্য অধ্যাপক নিরু কুমার চাকমা, কমিশনের আরেক সদস্য নিরুপা দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য গৌতম কুমার চাকমা, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সাংগঠনিক সম্পাদক শক্তিপদ ত্রিপুরা প্রমুখ।