পাহাড়ে স্ট্রবেরির হাসি
পাহাড়ে প্রথমবারের মতো বিদেশি ফল স্ট্রবেরি চাষ করে সাফল্য পেয়েছেন খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার শিক্ষক বিমল ব্রত চাকমা। তাঁর সাফল্যে উৎসাহিত হয়ে এখন অন্য চাষিদের মধ্যেও স্ট্রবেরি চাষের ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মাহাবুব হোসেন জানান, পার্বত্য চট্টগ্রামের কোথাও এর আগে স্ট্রবেরি চাষ হয়েছে বলে তাঁর জানা নেই।গত সোমবার মহালছড়ির কিয়াংঘাট ইউনিয়নের করল্যাছড়িমুখ এলাকায় গিয়ে দেখা গেল শিক্ষক বিমল ব্রতের স্ট্রবেরির খেত। উঁচু পাহাড়ের ওপর একখণ্ড সমতল জমিতে তিনি স্ট্রবেরির চাষ করেছেন। খেতের মধ্যে ছোট ছোট ঝোপ ঝোপ স্ট্রবেরির সবুজ গাছ। গাছে ধরে আছে বিভিন্ন বয়সী ফল। এর মধ্য থেকে পাকা লাল ফলগুলো তুলছেন বিমল ব্রত।লেমুছড়ি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক বিমল ব্রত জানান, ২০ শতাংশের মতো স্ট্রবেরির চাষ করেছেন। মাটি পরীক্ষা, চারা সংগ্রহ ও খেত প্রস্তুত করতে প্রায় এক লাখ টাকা খরচ করেছেন। চাষে কোনো রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহার করেননি। শুধু জৈব সার ও নিয়মিত সেচ দিয়েছেন। ইতিমধ্যে কেজিপ্রতি ৮০০ টাকায় স্ট্রবেরি বিক্রি করে খরচের টাকা তুলে আরও ২৫ থেকে ৩০ হাজার টাকা লাভ হয়েছে। আশা করছেন, এবার লাখ টাকার মতো লাভ করতে পারবেন।বিমল ব্রত জানান, এখন প্রতিদিন পাঁচ থেকে সাত কেজি করে ফল তুলছেন। এভাবে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত ফল তুলতে পারবেন।বিমল ব্রত বলেন, মূলত পত্রপত্রিকায় স্ট্রবেরির পুষ্টিগুণের কথা পড়ে চাষে আগ্রহ জন্মে। ২০০৭ সালে বেসরকারি সংস্থা ব্র্যাকের একটি প্রশিক্ষণে যোগ দিতে কুমিল্লায় যান। সেখানে প্রশিক্ষণার্থীদের ‘বাংলাদেশে স্ট্রবেরি চাষ’ বিষয়ে একটি প্রচারপত্র দেওয়া হয়। সেটা পড়ার পর খোঁজখবর নিতে শুরু করেন। বিভিন্নজনের কাছে খোঁজখবর নিয়ে এবং পড়াশোনা করে অবশেষে গত বছরের অক্টোবরে কক্সবাজারের চকরিয়ার এক ব্যক্তির কাছ থেকে প্রতিটি ৩০ টাকা করে মোট এক হাজার ৫০০ চারা সংগ্রহ করেন। ২৬ নভেম্বর খেতে চারা রোপণ করেন। ডিসেম্বরের শেষ দিকে গাছে ফুল আসা শুরু হয়। এ বছরের জানুয়ারির শেষ থেকে ফল পাকতে শুরু করে।বিমল ব্রতের দেখাদেখি চাষিদের মধ্যে স্ট্রবেরি চাষে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে বলে জানান তিনি।