পাহাড়ে স্বতঃস্ফূর্ত ভোট দূরের কেন্দ্র নিয়ে ক্ষোভ
খাগড়াছড়ির ছয় উপজেলা পরিষদের নির্বাচনে শহর এলাকার তুলনায় গ্রামাঞ্চলে ভোটারের উপস্থিতি ছিল বেশি। গ্রামের মানুষ স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন। ভোটকেন্দ্র পুনর্বিন্যাসের কারণে বাড়ি থেকে সাড়ে পাঁচ-ছয় কিলোমিটার দূরে হেঁটে গিয়ে অনেকে ভোট দিয়েছেন। এ নিয়ে ভোটারদের মধ্যে ছিল ক্ষোভ। মাটিরাঙ্গা উপজেলায় আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর পক্ষে মেজবানের আয়োজন ও টাকা বিতরণের অভিযোগ পাওয়া গেছে।
গতকাল খাগড়াছড়ি সদর, পানছড়ি, মহালছড়ি, মানিকছড়ি, রামগড় ও মাটিরাঙ্গা উপজেলা পরিষদের নির্বাচন হয়।
ছয় উপজেলায় চেয়ারম্যান ২৬, ভাইস চেয়ারম্যান ২৬ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ২৫ জন। আওয়ামী লীগ সব কটি উপজেলায় প্রার্থীকে সমর্থন দিয়েছে। মহালছড়ি ছাড়া বাকি পাঁচটি উপজেলায় বিএনপি এবং মাটিরাঙ্গায় জামায়াত প্রার্থী দিয়েছে। আর আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফ তিন উপজেলায় এবং জনসংহতি সমিতি (এম এন লারমা) একটি উপজেলায় প্রার্থী দিয়েছে।
গতকাল সকাল থেকে গ্রাম এলাকার ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। সেই তুলনায় খাগড়াছড়ি সদর এলাকায় উপস্থিতি ছিল কম। পানছড়ির উল্টাছড়ি ইউনিয়নের বাউড়াপাড়ার বাসিন্দা জগদীশ চাকমা (৩৫) বলেন, ‘সকালে নাশতা করে বাড়ি থেকে ছয় কিলোমিটার দূরে শান্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিয়েছি। উল্টাছড়ি ইউনিয়ন ঘোষণার আগে আমাদের গ্রামের লোকজন এক কিলোমিটার দূরে কংচাইরীপাড়া কেন্দ্রে ভোট দিতেন। ভোটকেন্দ্র পুনর্বিন্যাসের কারণে আদিবাসীদের দুর্ভোগ বেড়েছে।’ একই উপজেলার কুড়াদিয়াছড়া গ্রামের রাদেখা চাকমা (৭০) বলেন, ‘বাড়ি থেকে পাঁচ কিলোমিটার দূরে আমাদের কেন্দ্র। এত কষ্ট করে হেঁটে যাওয়ার শক্তি নেই।’ ইরাবতী চাকমাও (৫৪) গতকাল ভোট দিতে যাননি।
মহালছড়ি উপজেলার যন্ত্রনাথা কার্বারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গতকাল যেন উৎসব চলছিল। সেখানে পাকুজ্যাছড়ি গুচ্ছগ্রামের মো. মোস্তফা, আবুল কাশেম ও মনোয়ার হোসেনের সঙ্গে কথা হয়। তাঁরা জানান, ‘একতরফা’ সংসদ নির্বাচনে তাঁদের কেউ ভোট দেননি। এখন স্থানীয় নির্বাচন হচ্ছে বলে তাঁরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন। একই উপজেলার মাইসছড়ি উচ্চবিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা গোলাম রউফ বলেন, ভোটারদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। ভোরেই কেন্দ্রে হাজির হন ভোটাররা।
পানছড়ি উপজেলায় বিএনপি-সমর্থিত প্রার্থী অনিমেষ চাকমা বলেন, ভোট মোটামুটি সুষ্ঠু হয়েছে। তবে তিনি অভিযোগ করে বলেন, ‘আমার সমর্থকদের ভয়ভীতি দেখানোর জন্য দুপুরে আমার দুই নির্বাচনী এজেন্টকে একটি দলের সমর্থকেরা অপহরণ করেছে। কিছুক্ষণ পরে তাঁদের মুক্তি দেওয়া হয়।’
মহালছড়ি উপজেলার আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত প্রার্থী সোনারতন চাকমা বলেন, কিছু কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করে ভোটারদের প্রতীকসংবলিত কাগজে ভোট নম্বর দিয়েছেন।
মাটিরাঙ্গার বিএনপি-সমর্থিত প্রার্থী তাজুল ইসলামের অভিযোগ, গোমতী বি কে উচ্চবিদ্যালয়, ভবানীচরণ রোয়াজা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আচালং সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শান্তিপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোটার ও তাঁর সমর্থকদের আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর কর্মীরা ভয়ভীতি দেখিয়েছেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাহে আলম এই অভিযোগ অস্বীকার করে বলেন, কিছু কেন্দ্র থেকে গুজব ছড়ানো হয়। অভিযোগ পাওয়ার পর একজন নির্বাহী হাকিমসহ বিজিবি ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পায়নি।
টাকা বিতরণ: সরেজমিন মাটিরাঙ্গা উপজেলা সদর থেকে ২০ কিলোমিটার দূরে ভবানীচরণ রোয়াজা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অবস্থান করে দেখা যায়, গোমতী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা মোসলেম উদ্দিন ভোটারদের মাঝে টাকা বিতরণ করছিলেন। একপর্যায়ে আরেক ব্যক্তি ৫০০ টাকার নোটের দুটি বান্ডিল তাঁর হাতে তুলে দেন। এ সময় ছবি তুলতে গেলে তিনি দ্রুত টাকার বান্ডিল পকেটে ভরে সটকে পড়েন। মাটিরাঙ্গায় ভোটকেন্দ্রের পাশে আওয়ামী লীগের স্থানীয় নেতা আবদুল ওহাবের বাড়িতে মেজবানের আয়োজন করা হয়। ওই বাড়ি থেকে খেয়ে ভোট দিতে যাচ্ছিলেন ভোটাররা। ভোট দেওয়া শেষে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষ থেকে জিলাপিও বিতরণ করা হচ্ছিল।
ভোটার পারিজা ত্রিপুরা বলেন, ‘ভাত খেয়ে ভোট দিয়েছি। এরপর জিলাপি খেয়েছি।’ স্থানীয় যুবক হরি কিশোর ত্রিপুরার অভিযোগ, প্রকাশ্যে টাকা বিতরণ ও মেজবানের আয়োজন করা হলেও প্রশাসন বাধা দেয়নি।
এ ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেনের সঙ্গে কথা বলতে চাইলে তিনি বলেন, ‘কেন্দ্রে বিশৃঙ্খলা ঠেকানো আমাদের কাজ।’
[প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন শ্যামল রুদ্র ও পলাশ বড়ুয়া]