পাহাড়ে ১৫০ ঘর নির্মাণ করবে রোটারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি ও বান্দরবানে পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত লোকদের জন্য ১৫০টি নতুন ঘর নির্মাণ করবে রোটারি জেলা ৩২৮২। আগামী আগস্ট মাস থেকে এসব ঘরের নির্মাণকাজ শুরু হবে।

সংগঠনের নতুন বছরের প্রথম দিন উদ্‌যাপন উপলক্ষে গত শনিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন রোটারি জেলা ৩২৮২-এর গভর্নর মোহাম্মদ তৈয়ব চৌধুরী।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সমাজে শান্তি প্রতিষ্ঠা, শিশুস্বাস্থ্যসেবা ও মাতৃসেবা, স্যানিটেশন, নিরাপদ পানীয় জল, সাক্ষরতা ও শিক্ষা এবং অর্থনীতির উন্নয়ন—এই ক্ষেত্রগুলো সামনে রেখে আগামী দিনে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এর মধ্যে রয়েছে ১৫০টি শৌচাগার স্থাপন, ১২০টি সাক্ষরতা কেন্দ্রে ৫ হাজার মানুষকে সাক্ষরজ্ঞানসম্পন্ন করা, ৫০টি গভীর নলকূপ স্থাপনের মাধ্যমে সুপেয় ও নিরাপদ পানীয় জল সরবরাহ, বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া, ১ লাখ বৃক্ষ রোপণ করা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রোটারির ডেপুটি গভর্নর জিন্নাহ চৌধুরী, জেলা সচিব রেজাউল করিম চৌধুরী, ফারজানা রুশা, অতিরিক্ত প্রধান উপদেষ্টা মঈনুল ইসলাম, সাবেক গভর্নর এম এ আউয়াল, আমিনুজ্জামান ভূঁইয়া প্রমুখ।