পাহাড়ে 'অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি'র জন্য সরকার দায়ী থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বলেছেন, পাহাড়ি জনগণের ওপর রাষ্ট্রযন্ত্রের নির্যাতন এখনো আগের মতোই চলছে। ফলে এই অঞ্চলের মানুষ চরম নিরাপত্তাহীনতার মধ্যে বাস করতে বাধ্য হচ্ছে।
পার্বত্য চুক্তি বাস্তবায়ন না হওয়ায় সরকারের সমালোচনা করেন তিনি। সেই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেন, পাহাড়ে এমন চলতে থাকলে ‘অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি’র জন্য সরকার দায়ী থাকবে। সত্তরের দশকে পার্বত্যবাসীর যেমন দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল, তেমনি পরিস্থিতির সৃষ্টি হয়েছে এখন।
রাজধানীর একটি হোটেলে গতকাল সোমবার জেএসএস আয়োজিত সংবাদ সম্মেলনে সন্তু লারমা এসব কথা বলেন। পার্বত্য চুক্তি বাস্তবায়নের অবস্থা এবং সাম্প্রতিক সময়ে পার্বত্য এলাকায় নেওয়া সরকারের কিছু পদক্ষেপের বিষয়ে জেএসএসের অবস্থান ব্যাখ্যা করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।
সংবাদ সম্মেলনে বলা সেই সম্ভাব্য ‘অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি’র ধরন কেমন, নিয়মতান্ত্রিক আন্দোলন না আবার সশস্ত্র আন্দোলন—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব সাবেক গেরিলা নেতা সন্তু লারমার বক্তব্য, ‘মানুষের মৌলিক অধিকার যখন থাকে না, তখন তা প্রতিষ্ঠার জন্য মানুষ সবকিছুই করতে পারে। এমনকি নিজের জীবনও বলি দিতে পারে।’ তিনি বলেন, ‘নিরন্তর গণতান্ত্রিক লড়াইয়ের মধ্য দিয়ে আমরা আমাদের দাবি বাস্তবায়নের চেষ্টা করব।’
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমা বলেন, বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ দশম জাতীয় সংসদ নির্বাচনে দলীয় ইশতেহারে পার্বত্য চুক্তি বাস্তবায়নের অঙ্গীকার করেছিল। তবে এখনো তা বাস্তবায়নের কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। গত মেয়াদের শেষ পর্যায়ে কিছু উদ্যোগ নেওয়া হলেও শেষতক তা ঝুলিয়ে রাখা হয়।
সন্তু লারমা অারও বলেন, ‘সরকার আমাদের মূল দাবিগুলো উপেক্ষা করে এবং ঝুলিয়ে রেখে একতরফাভাবে তিন পার্বত্য জেলা পরিষদ আইন সংশোধন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আইন প্রণয়ন এবং রাঙামাটিতে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ নিয়েছে।’ এসব পদক্ষেপ দ্রুত বাতিল এবং পার্বত্য চুক্তি দ্রুত বাস্তবায়ন, পার্বত্য তিন জেলা পরিষদ ও আঞ্চলিক পরিষদ নির্বাচন, অপারেশন উত্তরণসহ সব অস্থায়ী সেনা ক্যাম্প প্রত্যাহারসহ ১৭ দফা দাবি তুলে ধরেন তিনি।
সংবাদ সম্মেলনে ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য বলেন, ‘মুক্তিযুদ্ধের মাধ্যমে গঠিত হওয়া আমাদের দেশে শাসক শ্রেণি পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের সঙ্গে পাঞ্জাবিদের মতো আচরণ করেছে।’
পার্বত্য চট্টগ্রাম যে বিশেষ অঞ্চল সেটি শাসক শ্রেণি স্মরণ রাখলে কোনো সমস্যাই দেখা দিত না, বলেন লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ। সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন জেএসএসের প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমা। উপস্থিত ছিলেন বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, জেএসএসের শক্তিপদ ত্রিপুরা, আদিবাসী নেতা দীপায়ন খীসা প্রমুখ।