পাহাড়ে ‘অস্তিত্বহীন’ ২০ প্রকল্পের বরাদ্দ আত্মসাৎ!
খাগড়াছড়ির দীঘিনালায় পার্বত্য জেলা পরিষদের অধীনে ‘অস্তিত্বহীন’ ২০টি প্রকল্পের সন্ধান মিলেছে। প্রকল্পগুলোর অনুকূলে বরাদ্দ পাওয়া গেছে ৬০ মেট্রিক টন চাল। বরাদ্দের আট মাসেও প্রকল্পগুলো বাস্তবায়িত হয়নি। প্রকল্প চেয়ারম্যানরা দাবি করছেন, তাঁরা প্রকল্পের কাগজপত্রে সই করার বিনিময়ে সামান্য কিছু টাকা পেয়েছেন। বাদবাকি টাকা জেলা পরিষদের কাছে রয়ে গেছে। এ ছাড়া প্রকল্প চেয়ারম্যানরা প্রকল্প সম্পর্কে কিছুই জানেন না। অনুসন্ধানে জানা গেছে, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ প্রকল্প কর্মসূচি-২-এর আওতায় পার্বত্য জেলা পরিষদের মাধ্যমে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের জন্য খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়। কর্মসূচির অনুকূলে গত বছরের ১৩ জুন জেলা পরিষদ থেকে দীঘিনালা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য জগদীশ চাকমাকে প্রকল্প চেয়ারম্যান করে তিনটি প্রকল্পে নয় মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। গত ২১ জুন গুদাম থেকে খাদ্যশস্য ছাড় করা হলেও আজ পর্যন্ত প্রকল্পের কোনো কাজ করা হয়নি। প্রকল্প সম্পর্কে জগদীশ চাকমা বলেন, ‘আমি প্রকল্প সম্পর্কে জানি না। আমি কোনো প্রকল্পের কাজ করিনি। শুধু স্বাক্ষর করেছি। প্রকল্পগুলো জেলা পরিষদের বলে জানি।’ একই তারিখে বোয়ালখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য শানন্ত চাকমাকে প্রকল্প চেয়ারম্যান করে বুদ্ধরঞ্জন চাকমার জমিতে নালা সংস্কার, ধুতাঙ্গটিলা থেকে ৪ নম্বর প্রকল্প গ্রাম পর্যন্ত রাস্তা সংস্কার ও বটতলীপাড়ায় জনস্বার্থে মজাপুকুর সংস্কার—এই তিনটি প্রকল্পের জন্য নয় মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। এ প্রকল্প তিনটিও বাস্তবায়িত হয়নি। প্রকল্প চেয়ারম্যান শানন্ত চাকমা বলেন, ‘প্রকল্পের কাজ করিনি। আমি প্রকল্পগুলো চিনিও না। আমাকে শুধু প্রকল্পগুলো জেলা পরিষদের নিজস্ব বলে টনপ্রতি দুই হাজার টাকা করে ১৮ হাজার টাকা দিয়েছে।’ কবাখালী ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য বিপরীতা চাকমাকে প্রকল্প চেয়ারম্যান করে একই তারিখে চিরঞ্জিত চাকমার জমির পাশে নালা খনন, মঙ্গলসেন চাকমার জমির ওপর নালা সংস্কার এবং গরিব ও বেকার নারীদের জন্য সেলাই মেশিন সরবরাহ নামে তিনটি প্রকল্পে নয় মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়। এগুলোও বাস্তবায়িত হয়নি। প্রকল্প চেয়ারম্যান বিপরীতা চাকমা বলেন, ‘প্রকল্প সম্পর্কে আমিও জানি না। আমি শুধু কাগজে স্বাক্ষর করেছি এবং টনপ্রতি এক হাজার ৭০০ টাকা করে ১৫ হাজার ৩০০ টাকা পেয়েছি।’ একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ভারত মুনি চাকমার নামে কালারঞ্জন চাকমার জমির ওপর নালা খনন, জয়চন্দ্র চাকমার বাড়ি থেকে অমিয় চরণ চাকমার বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার ও সোনারাম চাকমার জমির ওপর বাঁধ নির্মাণ নামে তিনটি প্রকল্পে নয় মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। কিন্তু এ প্রকল্প তিনটিরও কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।একইভাবে বোয়ালখালী ইউনিয়নে তিনটি প্রকল্প শুধু কাগজেপত্রে আছে, বাস্তবে কোনো অস্তিত্ব নেই। প্রকল্প চেয়ারম্যান ঝিনু রায় পোমাং বলেন, ‘মিথ্যা বলে লাভ নেই। প্রকল্পের কোনো কাজ করিনি। ওগুলো জেলা পরিষদের নিজস্ব প্রকল্প।’ একই ইউনিয়নে আরও দুটি প্রকল্পে ছয় মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। এ প্রকল্প দুটিও কাগজ-কলমে আছে, বাস্তবে নেই। বোয়ালখালী ইউনিয়নে আরও তিনটি প্রকল্পের অনুকূলে নয় মেট্রিক টন চাল বরাদ্দ মেলে। কিন্তু আট মাসেও প্রকল্পগুলো বাস্তবায়িত হয়নি।নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রকল্প চেয়ারম্যান জানান, তাঁর এখানে তিন টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। কাগজে তাঁর সইও নেওয়া হয়েছে। কিন্তু তাঁর হাতে সামান্য কিছু টাকা তুলে দিয়ে বলা হয়েছে, এটা তাঁর ব্যক্তিগত খরচ। অভিযোগ প্রসঙ্গে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা তরুণকান্তি ঘোষের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হয়েছে। কিন্তু তিনি প্রকল্পগুলোর কাগজপত্র না দেখে কোনো বক্তব্য দিতে রাজি হননি। সর্বশেষ গতকাল শনিবার বিকেলে পুনরায় তাঁর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি খাগড়াছড়ির বাইরে আছি। পরে কথা বলা যাবে।’