পাহাড়ে 'বিশেষ পর্যটন জোন' বাতিলের দাবি
খাগড়াছড়ির আলুটিলা ও ঝর্ণাটিলায় ‘বিশেষ পর্যটন জোন’ গড়ে তোলার ঘোষণায় বিক্ষোভ সমাবেশ করেছেন পাহাড়িরা। গতকাল বুধবার পানছড়ি উপজেলার কলেজ গেট এলাকায় মহামুনী মন্দির প্রাঙ্গণে এ সমাবেশ করা হয়।
উপজেলা ভূমি রক্ষা কমিটি আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন পানছড়ি কমিটির সভাপতি ভূমি ধর রোয়াজা। বক্তব্য দেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রত্না তঞ্চঙ্গ্যা, ১ নম্বর লোগাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রত্যুত্তর চাকমা, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের উপদেষ্টা মংশি মারমা, মৌজাপ্রধান অরুণ জয় রোয়াজা, চেঙ্গী ইউপির সাবেক চেয়ারম্যান অনিল চন্দ্র চাকমা প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, মাটিরাঙ্গা উপজেলা ও সদরের প্রায় ৭০০ একর পাহাড়ি জমিতে অবৈধভাবে পর্যটন কেন্দ্র নির্মাণের পাঁয়তারা চলছে। এখানে বিশেষ পর্যটন জোন করা হলে দুই উপজেলার ৫১৮টি পাহাড়ি পরিবার নিজ ভূমি ও বাস্তুভিটা থেকে উচ্ছেদের শিকার হবে। অতএব এই প্রকল্প বাতিল করতে হবে।