পাহাড়ের অবৈধ গ্যাস, বিদ্যুৎ পানির সংযোগ বন্ধের সিদ্ধান্ত
চট্টগ্রামের বিভিন্ন পাহাড়ে অবৈধ ও ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী বাসিন্দাদের গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ এক সপ্তাহের মধ্যে বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত বাস্তবায়নে বিভিন্ন বিভাগকে অনুরোধ জানানো হয়। গতকাল সোমবার সার্কিট হাউসের সম্মেলনকক্ষে পাহাড় ব্যবস্থাপনা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এটি কমিটির দশম সভা। সভায় কমিটির আগের সিদ্ধান্ত ও সুপারিশ বাস্তবায়ন না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির (সিডিএমপি) প্রকল্প পরিচালক মো. আবদুল কাইয়ুম। আবদুল কাইয়ুম বলেন, ‘সিদ্ধান্ত বাস্তবায়নে কেন পিছপা হব? তাহলে সুপারিশ করে লাভ কী? সুপারিশ কম নেব, কিন্তু বাস্তবায়ন করব। এ ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে সিডিএমপি আর্থিক ও কারিগরি সহায়তা দেবে।’ পাশাপাশি তিনি পাহাড়ে প্রতিরোধ দেয়াল নির্মাণ, বৃক্ষরোপণ ও তা ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন। আবদুল কাইয়ুম সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। সভাপতিত্ব করেন অরিক্তি বিভাগীয় কমিশনার মো. আলেফ উদ্দিন। এ ছাড়া সিডিএমপির পরামর্শক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাকসুদ কামাল, জেলা প্রশাসক ফয়েজ আহম্মদ, কমিটির সদস্যসচিব অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ইসমাইল হোসেন, সিটি করপোরেশনের সচিব সামশুদ্দোহা প্রমুখ উপস্থিত ছিলেন।