পাহাড়ের কূপে হস্তীশাবক, পরে উদ্ধার

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ের একটি পুরোনো কূপে পড়ে যাওয়া হস্তীশাবকটিকে উদ্ধার করা গেছে। আড়াই ঘণ্টার চেষ্টায় বন বিভাগ শাবকটিকে অক্ষত অবস্থায় কূপ থেকে উদ্ধার করে। উদ্ধারের পর শাবকটি বনের ভেতর চলে গেছে। আজ মঙ্গলবার সকালে ঝিনাইগাতীর কাংশা ইউনিয়নের সীমান্তঘেঁষা গুরুচরণ দুধনই গ্রামে এ ঘটনা ঘটেছে।
বন বিভাগ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোরে বন্য হাতির একটি শাবক গারো পাহাড়ের গুরুচরণ দুধনই গ্রামের একটি পুরোনো কূপে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে এলাকাবাসী এটিকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে সংবাদ পেয়ে ঝিনাইগাতীর তাওয়াকুচা বিটের বন বিভাগের কর্মকর্তা ও শেরপুর থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা কূপের চারদিকে প্রায় ১০ ফুট পরিমাণ গর্ত করে হাতির শরীরে শক্ত রশি ফেলে দেয়। পরে শাবকটি শুঁড় দিয়ে রশিটি নিজের শরীরে পেঁচিয়ে ফেলে। এরপর স্থানীয় লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিস ও বন বিভাগের কর্মকর্তারা এটিকে কূপ থেকে টেনে তোলে। উদ্ধারের পর হস্তীশাবকটি দৌড়ে বনের ভেতর চলে যায়।

ফায়ার সার্ভিস, শেরপুরের উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমান আজ দুপুর ১২টায় প্রথম আলোকে বলেন, প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর সকাল নয়টার দিকে হস্তীশাবকটিকে উদ্ধার করা সম্ভব হয়।
তাওয়াকুচা বিটের বিট কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন ধরে প্রায় অর্ধশত হাতির দল ঝিনাইগাতীর গারো পাহাড়ে অবস্থান করছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হস্তীশাবকটি ওই দলের। কোনো কারণে সেটি দলছুট হয়ে পড়ে এবং রাতের অন্ধকারে গারো পাহাড়ের কূপে পড়ে যায়। শাবকটিকে উদ্ধারের পর সেটি সুস্থ ও অক্ষত অবস্থায় বনের ভেতর চলে গেছে বলে তিনি জানান।