পাহাড়ের জ্ঞানের আলো যাবে সারা বিশ্বে
‘এক সহপাঠী আরেক সহপাঠীকে চার তলা থেকে ফেলে দিচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে আঘাত করছে, ক্যাম্পাসে অস্ত্রের মহড়া দিচ্ছে। এসব দৃশ্য আমরা দেখতে চাই না। আর কোনো ছাত্রকে লাশ হয়ে যেন মায়ের কোলে ফিরতে না হয়।’ বলছিলেন নারায়ণগঞ্জের একজন অভিভাবক। আর খাগড়াছড়ির এক কৃতী শিক্ষার্থী বলে, ‘আমরা পাহাড়ের জ্ঞানের আলোয় আলোকিত হয়ে তা সারা দেশ তথা বিশ্বময় ছড়িয়ে দিতে চাই।’প্রথম আলো ও মুঠোফোন কোম্পানি রবির উদ্যোগে আয়োজিত এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীরা সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলে। দেশজুড়ে সংবর্ধনার এ পর্যায়ে গতকাল সোমবার নারায়ণগঞ্জ ও খাগড়াছড়িতে বসেছিল কৃতী ছাত্রছাত্রীদের মিলনমেলা। নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের শীতলক্ষ্যা মিলনায়তনে জাতীয় সংগীতের মধ্য দিয়ে সকাল ১০টায় অনুষ্ঠান শুরু হয়। শুরুতে শিক্ষার্থীদের মাদক ও ইভ টিজিং থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে স্বাগত বক্তব্য দেন নারায়ণগঞ্জ বন্ধুসভার সভাপতি আহসান সাদিক, প্রথম আলোর জেলা প্রতিনিধি আসিফ হোসেন। অতিথিদের মধ্যে বক্তব্য দেন শিক্ষক আবদুস সালাম ও রমেশ চন্দ্র কুণ্ড, প্রথম আলোর নির্বাহী অর্থ সম্পাদক আসজাদুল কিবরিয়া, রবির আঞ্চলিক ব্যবস্থাপক শাহাজালাল, বন্ধুসভার উপদেষ্টা রফিউর রাব্বি, অভিভাবক মোশারফ হোসেন, কৃতী শিক্ষার্থী আফরোজা আফরিন সায়মা, আসিফ হাসান জয়, জয়শ্রী সাহা। পরে একহাজার ৫০ জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। জেলার তিন সেরা শিক্ষাপ্রতিষ্ঠান নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, নারায়ণগঞ্জ আদর্শ স্কুল এবং সিদ্ধিরগঞ্জ পাওয়ার স্টেশন উচ্চবিদ্যালয়ের শিক্ষকদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন বন্যা নৃত্যাঙ্গনের শিল্পীরা। খাগড়াছড়ি টাউন হলে বেলা ১১টায় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ জয়নাল আবেদীন, উপাধ্যক্ষ আবদুল লতিফসহ অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকগণ।শান্তিপুর উচ্চবিদ্যালয়ের কৃতী ছাত্র সাইফুল ইসলাম বলে, ‘শহর ও গ্রামের শিক্ষা-বৈষম্য দূর করা প্রয়োজন। আমাদের বাড়িতে বিদ্যুৎ নেই, স্কুলে বিদ্যুৎ নেই। শহরে যেভাবে শিক্ষার সুযোগ পাওয়া যায়, গ্রামে তা পাওয়া যায় না।’গুইমারা উচ্চবিদ্যালয়ের কৃতী ছাত্র জয়বর্ধন চাকমা বলে, ‘অনেকেই বলে, দেশের ৬৪ জেলার মধ্যে আমরা পিছিয়ে আছি। আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানই বলে দেয়, আমরা পিছিয়ে নেই। আমরা পাহাড়ের জ্ঞানের আলো সারা দেশ ও সারা বিশ্বে পৌঁছে দেব।’ অধ্যক্ষ জয়নাল আবেদীন বলেন, ‘তোমরা ছোট স্বপ্ন দেখো না। স্বপ্ন বড় করে দেখতে হয়। সেই স্বপ্নকে বাস্তবে রূপদানের চেষ্টা চালিয়ে যেতে হবে।’খাগড়াছড়ির প্রবীণ শিক্ষাবিদ, সাহিত্যিক ব্রজনাথ রোয়াজা শারীরীক অসুস্থতার কারণে অনুষ্ঠানে আসতে পারেননি। তিনি লিখিত বাণীতে শিক্ষার্থীদের অভিনন্দন জানান।জেলার তিন শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, খাগড়াছড়ি সরকারি উচ্চবিদ্যালয় এবং নতুনকুঁড়ি ক্যান্টনমেন্ট উচ্চবিদ্যালয়কে ক্রেস্ট দিয়ে অভিনন্দন জানানো হয়।খাগড়াছড়ি সরকারি উচ্চবিদ্যালয়ের ছাত্রী ও বন্ধুসভার সদস্যরা নৃত্য, গান ও আবৃত্তি পরিবেশন করে।