পাহাড়ের ঢালে ঝুঁকিতে ৫০ হাজার মানুষ
কক্সবাজারের মহেশখালীতে পাহাড়ের ঢালে প্রায় ৫০ হাজার মানুষ মৃত্যুঝুঁকি নিয়ে বসবাস করছেন। নিরাপদ স্থানে আশ্রয় নিতে বন বিভাগের কর্মীরা সতর্ক করে দিলেও বসবাসকারীরা তা মানছেন না। ফলে যেকোনো মুহূর্তে পাহাড় ধসে প্রাণহানির আশঙ্কা করছেন প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৭০ সালের পর থেকে পাহাড়ে অবৈধভাবে জায়গা দখল করে বসতবাড়ি নির্মাণ করে এলাকার লোকজন বসবাস করে আসছেন। বিভিন্ন এলাকা থেকেও দরিদ্র লোকজন এসে অবৈধভাবে পাহাড় দখল করছেন। অবৈধ দখলদারদের উচ্ছেদে স্থানীয় প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া ঘূর্ণিঝড়ের কবল থেকে রক্ষা পেতে নিরাপদ আশ্রয়ের ছুতোয় উপকূলীয় মাতারবাড়ি, ধলঘাট ও কুতুবদিয়ার লোকজন পাহাড়ের পাদদেশে বসতি স্থাপন করেন। ২০০৭ ও ২০০৮ সালে প্রবল বৃষ্টিতে পাহাড় ধসে একই পরিবারের চারজনসহ ছয়জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ গত শুক্রবার চট্টগ্রাম নগরের বাটালি হিল এলাকায় পাহাড় ধসে ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মহেশখালী বন বিভাগ সূত্র জানায়, উপজেলার কালারমারছড়া, হোয়ানক, বড় মহেশখালী, ছোট মহেশখালী ও শাপলাপুর এলাকায় বন বিভাগের ১৮ হাজার ২৮৬ একর বনভূমি রয়েছে। এর মধ্যে প্রায় ১০ হাজার একর জায়গা বেদখল হয়ে আছে। এখানে ২০ হাজার পরিবারের প্রায় ৫০ হাজার মানুষ বসবাস করছেন।কালারমারছড়া ইউনিয়নের ছালিয়াতলী গ্রামের বাসিন্দা মনির হোসেন, আবুল কালাম ও হাবিবুর রহমান বলেন, ‘পাহাড় থেকে সরে অন্যত্র গিয়ে বসতবাড়ি করার মতো সামর্থ্য আমাদের নেই।’ একই ইউনিয়নের আধারঘোনার পূর্ব দিকে পাহাড়ে বসবাসকারী কামাল হোসেন, আনোয়ার হোসেন ও দিদারুল আলম বলেন, ‘এলাকায় কোনো আত্মীয়স্বজন নেই, যাব কোথায়? আর টাকাও নেই যে অন্যত্র গিয়ে ঘর বানাব।’ একই কথা বললেন হোয়ানকের পাহাড়ি এলাকায় বসবাসরত আবদুল করিম, নাছির ও কামাল উদ্দিন।কালারমারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির কাসেম চৌধুরী প্রথম আলোকে বলেন, পাহাড়ে মৃত্যুর ঝুঁকি নিয়ে বসবাসরত পরিবারগুলোকে অন্যত্র সরে যেতে বলা হলেও তারা সরছে না। এ কারণে ভারী বৃষ্টি হলে পাহাড় ধসে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। উপকূলীয় বন বিভাগের মহেশখালী রেঞ্জের কর্মকর্তা বজলুর রহমান প্রথম আলোকে বলেন, প্রায় ৫০ হাজার মানুষ পাহাড়ে মৃত্যুর ঝুঁকি নিয়ে বসবাস করছেন। বন বিভাগের পক্ষে পাহাড় থেকে সরে গিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হলেও তাঁরা মানছেন না। মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন বলেন, পাহাড়ের ঢালু থেকে সরে যাওয়ার জন্য বনকর্মীরা লোকজনকে বোঝাচ্ছেন। কিন্তু তাঁরা মানছেন না। ভারী বর্ষণে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।