পাহাড়ের ধ্বংসস্তূপ থেকে আরও দুই লাশ উদ্ধার
অতিবৃষ্টির কারণে পাহাড়ধসের কিছু অংশ গিয়ে পড়েছিল রাঙামাটির সার্কিট হাউসের পাশের লেকে। সেই মাটির স্তূপের নিচ থেকে আজ বৃহস্পতিবার সকালে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম চড়ুই বেগম (৪০)। আর শহরের পোস্ট অফিস কলোনি এলাকায় পাহাড় ধসে সৃষ্ট মাটির ঢিবির নিচ থেকে রুপন দত্ত (২১) নামের এক তরুণের লাশ উদ্ধার হয়েছে।
এ নিয়ে এ জেলায় পাহাড়ধসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০৭। স্থানীয় লোকজন বলছেন, এখনো নিখোঁজ আছে পাঁচ-ছয়জন। চলছে উদ্ধার অভিযান।
পাহাড়ধসে রাঙামাটির সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ দুদিন ধরে বন্ধ রয়েছে। চট্টগ্রাম থেকে রাঙামাটি আসার জন্য মূল সড়কের বাইরেও দুটি বিকল্প সড়ক রয়েছে। কিন্তু তিনটি সড়কই পাহাড়ধসের কারণে বন্ধ। গত মঙ্গলবার ভোর থেকে গতকাল বুধবার বেলা ১১টা পর্যন্ত জেলার অন্তত ৩০টি স্থানে পাহাড়ধসের খবর পাওয়া গেছে। এই ৩০টি স্থানের বাইরে আরও জেলার বিভিন্ন উপজেলায় অসংখ্য পাহাড়ধসের ঘটনার খবর পাওয়া গেছে। দুর্গম যোগাযোগব্যবস্থা ও বিরূপ আবহাওয়ার কারণে ক্ষয়ক্ষতির পুরো চিত্র এখনো পাওয়া যাচ্ছে না।
ধ্বংসের ভয়াবহতা এতটাই ব্যাপক যে উদ্ধার তৎপরতা চালানোর সক্ষমতা স্থানীয় প্রশাসনের নেই। চট্টগ্রাম থেকে আসা ফায়ার সার্ভিসের ৬০ জনের উদ্ধারকারী একটি দল গতকাল থেকে কাজ শুরু করেছে। আজ সকাল ছয়টা থেকে রাঙামাটি শহরের ভেদভেদী ও মানিকছড়ি এলাকায় অন্তত পাঁচটি জায়গায় উদ্ধারকাজ শুরু হয়েছে।
ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের উপসহকারী পরিচালক মো. জসীম উদ্দীন প্রথম আলোকে বলেন, স্থানীয় লোকজন বলছেন, এখনো পাঁচ-ছয়জন নিখোঁজ আছেন। সেই অনুযায়ী উদ্ধারকাজ চলছে।
আরও পড়ুন...
সবুজ রাঙামাটি এখন ধ্বংসস্তূপ