পাহাড়ের পাথর চুরি, মন্দির ধসে পড়ার আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বিচারে পাথর আহরণের ফলে চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড় হুমকির মুখে পড়েছে। সেই সঙ্গে পাহাড়ের কোলে গড়ে ওঠা হিন্দুধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী মন্দিরগুলো ধসে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।সরেজমিনে দেখা গেছে, চন্দ্রনাথ পাহাড়ে রয়েছে বড় বড় পাথর। একেকটি পাথরের ওজন প্রায় তিন থেকে চার টন। পাথরচোরেরা শ্রমিক দিয়ে পাথরে একটি গর্ত করে সেখানে বারুদ পুরে দেন। এরপর গর্তে ঢুকিয়ে দেওয়া হয় একটি লম্বা রশি। গর্ত থেকে দূরে নিয়ে যাওয়া ওই লম্বা রশির অন্য প্রান্তে আগুন লাগিয়ে দেওয়া হয়। রশির আগুন গিয়ে পাথরের বারুদ স্পর্শ করামাত্র বিস্ফোরণের প্রচণ্ড শব্দে কেঁপে উঠে পুরো পাহাড়সহ আশপাশের এলাকা। বড় পাথরটি টুকরো টুকরো হয়ে ছিটকে পড়ে। পাথরচোরদের নিয়োগ করা শ্রমিকেরা পাথরের এসব টুকরো সংগ্রহ করে নেন। ১০-১২ বছর ধরে এভাবেই এই পাহাড়ের পাথর চুরি চলছে। উপজেলার শেখ নগরের আবদুর রশীদ, সোনাইছড়ির মোতালেব, মহাদেবপুরের নূরুল ইসলামসহ চার ব্যক্তি শ্রমিক নিয়োগ করে এভাবে পাথর চুরি করে আসছেন। এ ছাড়া স্থানীয় ১৫-২০ জন লোক প্রতিদিন পাহাড়ের বিভিন্ন ছড়া থেকে ৩০-৩৫ ঠেলাগাড়ি পাথর তুলে বিক্রি করছেন। সীতাকুণ্ড স্রাইন কমিটির সাধারণ সম্পাদক সুখময় চক্রবর্তী জানান, পাহাড় থেকে পাথর তুলে নেওয়ায় পাহাড়ের স্থায়িত্ব কমে যাচ্ছে। যেকোনো মুহূর্তে হিন্দুধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী স্বয়ম্ভুনাথ এবং বিরূপাক্ষ মন্দির ধসে যেতে পারে।অভিযুক্ত আবদুর রশীদ পাহাড় থেকে পাথর সংগ্রহের কথা স্বীকার করে জানান, অনেক দিন ধরেই তিনি এভাবে পাথর সংগ্রহ করছেন। কেউ বাধা দেয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রউফ জানান, পাথর উত্তোলন বন্ধ করতে হবে, তা না হলে মন্দিরগুলো যেকোনো সময় ধসে পড়তে পারে।