পাহাড়ের পাদদেশ থেকে লোকজন সরাচ্ছে প্রশাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশ থেকে বসবাসকারী লোকজনকে সরিয়ে দেওয়া শুরু করেছে জেলা প্রশাসন। গত দুই দিন প্রবল বর্ষণের পর গতকাল রোববার কৈবল্যধামসংলগ্ন বিশ্ব কলোনি ও মতিঝরনা এলাকার পাহাড়ের পাদদেশ থেকে কিছু পরিবারকে সরিয়ে দেয় স্থানীয় প্রশাসন। পর্যায়ক্রমে অধিক ঝুঁকিপূর্ণ কয়েকটি পাহাড় থেকে বসতি স্থাপনকারী সবাইকে সরিয়ে দেওয়া হবে বলে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে। জেলা প্রশাসন সূত্র জানায়, দুপুরে কর্মকর্তারা নগরের মতিঝরনা এলাকায় বাটালি হিল, পুলিশ লাইন ও কুসুমবাগ এলাকার পাহাড় থেকে প্রায় ৬০টি পরিবারকে সরিয়ে দেন। পাশাপাশি বিশ্ব কলোনি এলাকার পাহাড় থেকে আরও ১০টি পরিবারকে সরিয়ে দেওয়া হয়। লালখান বাজার এলাকা থেকে লোকজন সরিয়ে দেওয়ার পর ওই এলাকায় আবার বসতি স্থাপন ঠেকাতে রাতে পুলিশি টহলের ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে দুপুরে উচ্ছেদের পর সন্ধ্যায় কৈবল্যধাম এলাকার পাহাড় থেকে উচ্ছেদ হওয়া লোকজন আবার ফিরে এসেছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। নগরের ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর এ এফ কবির আহমদ প্রথম আলোকে বলেন, ‘গত দুই দিন এলাকার প্রতিটি মসজিদ থেকে মাইকিং করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় লালখান বাজারের বাঘঘোনা এলাকার নুরুল কবিরের গলিসংলগ্ন পাহাড়ের একাংশ ধসে পড়ে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জানান। উচ্ছেদের বিষয়ে চট্টগ্রাম পাহাড়-ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইসমাইল হোসেন প্রথম আলোকে বলেন, ‘নগরের কৈবল্যধাম, বাটালি হিল, মতিঝরনা ও এ কে খান এলাকার পাহাড় এখন বেশি ঝুঁকিপূর্ণ। এসব পাহাড় থেকে পর্যায়ক্রমে বসতি স্থাপনকারীদের সরিয়ে দেওয়া হবে।’