কক্সবাজারের টেকনাফের বিভিন্ন পাহাড়ের পাদদেশে প্রায় আট হাজার মানুষ ঝুঁকি নিয়ে বসবাস করছে। পাহাড়ধসে প্রাণহানির ঘটনা অব্যাহত থাকলেও পাহাড়ের পাদদেশে বসতি নির্মাণ থেমে নেই। এতে চলতি বর্ষা মৌসুমে ভারী বৃষ্টিপাত হলে পাহাড়ধসে প্রাণহানি ঘটতে পারে বলে আশঙ্কা করছে এলাকাবাসী।প্রসঙ্গত, ২০১০ সালের ১৫ জুন টেকনাফসহ কক্সবাজারের বিভিন্ন স্থানে পাহাড়ধসে ৫৮ জনের মৃত্যু হয়। এর মধ্যে টেকনাফেই মারা যায় ৩৪ জন। ২০০৮ সালের ৪ ও ৬ জুলাই টেকনাফের ফকিরা মোরা ও টুন্যার পাহাড়ধসে একই পরিবারের চারজনসহ ১৩ জন মারা যায়।গত বছর পাহাড়ধসে প্রাণহানির পর উপজেলা প্রশাসন পাহাড়ের পাদদেশ থেকে লোকজনকে সরিয়ে নেয়। কিন্তু পুনর্বাসন না করায় তারা আবারও সেখানে বসতি গড়ে তোলে।সরেজমিনে দেখা যায়, অবৈধভাবে অনুপ্রবেশ করা রোহিঙ্গারা স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির সহায়তায় স্থাপনা তৈরি করে পাহাড়ের পাদদেশে অবস্থান নিচ্ছে। উপজেলা পরিষদসংলগ্ন ফকিরা মোরা, ধুমপেরাং ঘোনা, গিলাতলি, বৈদ্যর ঘোনা, নাজির ঘোনা, শিয়াইল্যার ঘোনা, উরুমের ছড়া, পল্লানপাড়া, নাইট্যংপাড়া, কেরুনতলি, বরুইতলি, ব্যাটলিয়নসংলগ্ন মাঠপাড়া, জাহালিয়াপাড়া, রোজার ঘোনা, রঙ্গিখালী, উলুচামারী, লেচুয়া প্রুং, পানখালী, উত্তর সিকদারপাড়া, রোজার ঘোনা, মিনাবাজার, রক্ষ্যইম, লম্বা ঘোনা, দৈঘ্যাকাটা, আমতলি, নোয়াখালী, কচ্চপিয়া, বড় ডেইল, চাকমাপাড়া, হলবনিয়া, আছারবনিয়া ও শামলাপুর এলাকায় পাহাড়ের পাদদেশে বসতি গড়ে উঠেছে।অনুসন্ধানে জানা যায়, টেকনাফের বিভিন্ন পাহাড় দখল করে প্রায় সাত হাজার রোহিঙ্গা দীর্ঘদিন ধরে অবৈধভাবে বসবাস করে আসছে। গোলপাতা, মাটির ও বেড়ার ঘর তৈরি করে ভাসমান লোকদের ভাড়া দিয়ে আসছেন কতিপয় ব্যক্তি। পাহাড়ের পাদদেশে বসবাস-কারী কয়েকজন বলেন, পাহাড়ধসে প্রাণহানির পর সরকারিভাবে খাসজমি বরাদ্দ দেওয়ার কথা বলে তালিকা তৈরি করা হলেও তাদের এখনো পর্যন্ত কোনো জমি দেওয়া হয়নি। বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মীর আহমদ বলেন, অবৈধভাবে পাহাড় দখলকারী ব্যক্তিদের সঙ্গে কিছু প্রভাবশালী ব্যক্তি জড়িত রয়েছে। তিনি বলেন, অনুমতি পাওয়া গেলে কিছুদিনের মধ্যে উচ্ছেদ অভিযান চালানো হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের একটি তালিকা তৈরি করা হয়েছে। শিগগিরই উপজেলা প্রশাসনের উদ্যোগে উচ্ছেদ অভিযান শুরু করা হবে। এ প্রসঙ্গে কক্সবাজারের জেলা প্রশাসক মো. জয়নুল বারী বলেন, আগামীতে পুনর্বাসনের ব্যবস্থা করেই তাদের উচ্ছেদ করা হবে।