পাহাড়ের মাটি কাটতে গিয়ে ধস, নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের শঙ্করসেনা গ্রামে পাহাড় থেকে ধসে পড়া মাটির নিচে চাপা পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। গতকাল মঙ্গলবার সকাল সাতটার দিকে শ্রমিকেরা সেখানে মাটি কাটতে গেলে এ দুর্ঘটনার শিকার হন।

নিহত দুই শ্রমিকের নাম শামসুল হক (৩৫) ও মাসুক মিয়া (৪০)। আহত জাহেদ মিয়াকে পার্শ্ববর্তী মৌলভীবাজার জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শঙ্করসেনা গ্রামটি পাহাড়ি এলাকা। ওই গ্রামের জয়নুল উল্লাহ তাঁর বাড়ি-লাগোয়া একটি টিলার মাটি বিক্রি করেন একই এলাকার শামীম ও মহসিন নামে দুই ব্যক্তির কাছে। তাঁরা গতকাল ভোররাতে ২০-২২ জন শ্রমিক নিয়ে টিলার মাটি কাটতে যান। বিপুল পরিমাণ মাটি কাটার কারণে টিলাতে বড় আকারের গর্তের সৃষ্টি হয়। সকাল সাতটার দিকে পাহাড়ের মাটি ধসে পড়লে এতে চাপা পড়েন তিন শ্রমিক। এ সময় অন্য শ্রমিকেরা ভয়ে পালিয়ে যান। আশপাশের লোকজন চিৎকার শুনে ঘটনাস্থলে এসে জাহেদ মিয়া নামে এক শ্রমিককে জীবিত উদ্ধার করলেও দুজন ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে নবীগঞ্জ থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়। পুলিশ পরে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন খান বলেন, ধসে পড়া মাটির নিচে চাপা পড়ে দুজন ঘটনাস্থলেই মারা যান। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

নবীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) জিতেন্দ্র কুমার নাথ বলেন, প্রশাসন বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।