পাহাড়ের মাটি কেটে তৈরি হচ্ছে ইট
রাঙামাটির কাউখালীতে সংরক্ষিত বন এলাকায় অবৈধভাবে ১৭টি ইটভাটা স্থাপন করার অভিযোগ পাওয়া গেছে। এসব ইটভাটায় কয়লার পরিবর্তে বনের কাঠ দিয়েই ইট পোড়ানো হচ্ছে। একই সঙ্গে ইট তৈরির জন্য নির্বিচারে পাহাড় কেটে মাটি সংগ্রহ করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। বন বিভাগ সূত্রে জানা গেছে, কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়ন এলাকায় সরকারের প্রায় সাড়ে ছয় হাজার একর ‘সংরক্ষিত বন’ রয়েছে। এতে সেগুন, গামারি, কড়ই, আগরসহ বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। এই বন এলাকায় পাহাড়ের মধ্যে আবাদি জমি ও পাহাড় কেটে গড়ে এসব ইটভাটা স্থাপন করা হয়েছে। এর মধ্যে বেতবুনিয়ার ডাকবাংলো এলাকায় চারটি, গাড়িছড়ায় চারটি, গুঁইয়াতলায় একটি, সুগারমিল আদর্শ গ্রামে একটি ও কলমপতি ইউনিয়নে তারাবুনিয়া স্কুল এলাকায় সাতটি ইটভাটা চালু আছে। সরেজমিনে দেখা গেছে, উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের গাড়িছড়া এলাকায় পাহাড়ের মধ্যে স্থাপিত ইউবিএম, এসবিকে, এসএফবি, কেবিএম এবং সুগারমিল আদর্শ গ্রামের কেএবি ও তারাবুনিয়ার এঅ্যান্ডএইচসহ সাতটি ও ডাকবাংলোর চারটি ইটভাটার লোকজন এস্কাভেটর (মাটি কাটার যন্ত্র) দিয়ে পাহাড় কেটে মাটি মজুদ করছে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও বিএসটিআই অনুমোদন ছাড়াই এসব ইটভাটা স্থাপন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অথচ ২০০১ সালের সংশোধিত ইট পোড়ানো নিয়ন্ত্রণ আইনে উল্লেখ করা হয়েছে, সরকার ঘোষিত সংরক্ষিত বনাঞ্চল, অভয়ারণ্য, বনাঞ্চল, বাগান ও লোকালয়ের তিন কিলোমিটারের মধ্যে কোনো ইটভাটা স্থাপন করার অনুমতি দেওয়া যাবে না।২০০৮ সালের ২১ সেপ্টেম্বর পরিবেশ ও বন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মো. হজরত আলী স্বাক্ষরিত ইটখোলার ছাড়পত্র-সংক্রান্ত নীতিমালার ক(৪) ধারায় উল্লেখ আছে, পার্বত্য জেলাসমূহের (রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান) সীমার মধ্যে কোনো ইটভাটা স্থাপন করা যাবে না। একই সঙ্গে উর্বর কৃষিজমি ও পাহাড়-টিলা থেকে মাটি কেটে ভাটায় ইট তৈরি করা যাবে না। ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক নুরুল আজম পাহাড় কেটে মাটি সংগ্রহ ও ভাটায় কাঠ পোড়ানোর কথা স্বীকার করেছেন। তিনি জানান, ইটভাটা স্থাপনের জন্য তাঁরা রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসকের (সার্বিক) কাছে আবেদন করেছেন। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু দাউদ মো. গোলাম মোস্তফা জানান, ২০০৮ সালের ২১ সেপ্টেম্বর পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ইটখোলার ছাড়পত্র-সংক্রান্ত নীতিমালার বিষয়টি তিনি জানেন না। এ ব্যাপারে তিনি খোঁজ নিয়ে ব্যবস্থা নেবেন। পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের ভারপ্রাপ্ত পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, কাউখালীর ১৭টি ইটভাটার তথ্য তাঁর জানা নেই। তাঁরা ওই ইটভাটা স্থাপনের জন্য কোনো ছাড়পত্র দেননি।