পাহাড়ের মাটি কেটে তৈরি হচ্ছে ইট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির কাউখালীতে সংরক্ষিত বন এলাকায় অবৈধভাবে ১৭টি ইটভাটা স্থাপন করার অভিযোগ পাওয়া গেছে। এসব ইটভাটায় কয়লার পরিবর্তে বনের কাঠ দিয়েই ইট পোড়ানো হচ্ছে। একই সঙ্গে ইট তৈরির জন্য নির্বিচারে পাহাড় কেটে মাটি সংগ্রহ করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। বন বিভাগ সূত্রে জানা গেছে, কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়ন এলাকায় সরকারের প্রায় সাড়ে ছয় হাজার একর ‘সংরক্ষিত বন’ রয়েছে। এতে সেগুন, গামারি, কড়ই, আগরসহ বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। এই বন এলাকায় পাহাড়ের মধ্যে আবাদি জমি ও পাহাড় কেটে গড়ে এসব ইটভাটা স্থাপন করা হয়েছে। এর মধ্যে বেতবুনিয়ার ডাকবাংলো এলাকায় চারটি, গাড়িছড়ায় চারটি, গুঁইয়াতলায় একটি, সুগারমিল আদর্শ গ্রামে একটি ও কলমপতি ইউনিয়নে তারাবুনিয়া স্কুল এলাকায় সাতটি ইটভাটা চালু আছে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও বিএসটিআই অনুমোদন ছাড়াই এসব ইটভাটা স্থাপন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অথচ ২০০১ সালের সংশোধিত ইট পোড়ানো নিয়ন্ত্রণ আইনে উল্লেখ করা হয়েছে, সরকার ঘোষিত সংরক্ষিত বনাঞ্চল, অভয়ারণ্য, বনাঞ্চল, বাগান ও লোকালয়ের তিন কিলোমিটারের মধ্যে কোনো ইটভাটা স্থাপন করার অনুমতি দেওয়া যাবে না।