পাহাড়ের মানুষ ইউপিডিএফ ও সাম্প্রদায়িকতার কাছে জিম্মি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বলেছেন, পার্বত্য চট্টগ্রামের মানুষ ইউপিডিএফ, ‘অপারেশন উত্তরণ’ এবং মৌলবাদ ও সাম্প্রদায়িকতার কাছে জিম্মি হয়ে আছে। আওয়ামী লীগ, বিএনপিসহ জাতীয় রাজনৈতিক দলের স্থানীয় নেতারা আপসকামী। তাঁরা অশুভ শক্তির বিরুদ্ধে কোনো কথা বলেন না।গতকাল বুধবার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির রাঙামাটি জেলা শাখার দুই দিনব্যাপী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সন্তু লারমা এসব কথা বলেন। তিনি আরও অভিযোগ করেন, বর্তমান মহাজোট সরকার ক্ষমতায় আসার ১৯ মাসেও এমন কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি, যাতে বলা যেতে পারে সরকার পার্বত্য চুক্তি বাস্তবায়নের ব্যাপারে আন্তরিক।সমিতির রাঙামাটি জেলা শাখার সভাপতি গুণেন্দু বিকাশ চাকমার সভাপতিত্বে স্থানীয় পৌর মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সমিতির উপদেষ্টা ও আঞ্চলিক পরিষদ সদস্য স্নেহ কুমার চাকমা, সমিতির কেন্দ্রীয় কমিটির যুববিষয়ক সম্পাদক সুভাষ বসু চাকমা, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির কেন্দ্রীয় সভাপতি মাধবীলতা চাকমা, গিরিসুর শিল্পীগোষ্ঠীর সভাপতি জয়তী চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক নিটোল চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের জেলা সভাপতি জোনাকী চাকমা প্রমুখ।দুই দিনব্যাপী এই সম্মেলনে জনসংহতি সমিতির কেন্দ্রীয়, জেলা ও বিভিন্ন শাখার তিন শতাধিক প্রতিনিধি এবং পর্যবেক্ষক উপস্থিত ছিলেন। সম্মেলনের দুই দিনে উপস্থিত সদস্যরা পার্বত্য চট্টগ্রামের সার্বিক পরিস্থিতি ও করণীয় বিষয়ে পর্যালোচনা করবেন এবং আগামী তিন বছর মেয়াদে নতুন জেলা কমিটি নির্বাচন করবেন বলে সমিতির রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক বোধিসত্ব চাকমার গতকাল স্বাক্ষরিত এ সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।