চাকমা সার্কেলপ্রধান দেবাশীষ রায় বলেছেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বিভিন্ন জাতিগোষ্ঠীর শিশুদের নিজ নিজ মাতৃভাষায় শিক্ষাদানের জন্য শিক্ষকদের যথাযথ প্রশিক্ষণ দরকার। এটি করা না গেলে পাহাড়ের শিশুদের উপযুক্ত পাঠদান দেওয়া সম্ভব হবে না। গতকাল সোমবার রাঙামাটিতে অনুষ্ঠিত শিক্ষাবিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
‘পার্বত্য চট্টগ্রামের আদিবাসী শিশুর মাতৃভাষাভিত্তিক বহুভাষিক শিক্ষার বর্তমান চিত্র’ শিরোনামে এই মতবিনিময় সভার অায়োজন করে উন্নয়ন সংস্থা স্ট্র্যাটেজিক অ্যাকশন্স সোসাইটি (সাস) ও গণসাক্ষরতা অভিযান। গতকাল সকাল সাড়ে ১০টায় রাঙামাটি শহরের আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
দেবাশীষ রায় বলেন, দক্ষ শিক্ষক ছাড়া পার্বত্য চট্টগ্রামের শিশুদের নিজ ভাষায় পাঠদানের ব্যবস্থা করা না হলে সরকারের উদ্যোগ সফল হবে না। এক বিদ্যালয়ে বহুভাষার শিশু থাকতে পারে। সে ক্ষেত্র শিশুদের পাঠদানের সুবিধার্থে শিক্ষকদের বহুভাষায় পারদর্শী হতে হবে।
সাসের প্রতিষ্ঠাতা ললিত সি চাকমার সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আবু শাহেদ চোধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৌরভ সিকদার, গণসাক্ষর অভিযানের উপকার্যক্রম ব্যবস্থাপক মো. গিয়াস উদ্দিন আহমেদ, রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অরুন কান্তি চাকমা, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মফিজুল ইসলাম, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন, চাকমা ভাষা গবেষক সুগত চাকমা, নারীনেত্রী টুকু তালুকদার, উন্নয়ন সংস্থা টংগ্যার নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা, আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র কর্মসূচি কর্মকর্তা সুখেশ্বর চাকমা প্রমুখ। সাসের নির্বাহী পরিচালক নুকু চাকমা মতবিনিময় সভা সঞ্চালনা করেন।
সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৌরভ সিকদার বলেন, মাতৃভাষায় শিক্ষালাভ করলে শিশুর মধ্যে কোনো জড়তা থাকে না। পার্বত্য চট্টগ্রামে মাতৃভাষায় বই পৌঁছে দেওয়া হয়েছে। কিন্তু প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক না থাকায় বইগুলো কোনো কাজে আসছে না।