যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পার্বত্য চট্টগ্রামের মানুষের দীর্ঘদিনের সমস্যাগুলো সময় দিয়ে ও সময়ের প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে দ্রুত সমাধান করা দরকার। বান্দরবানের জেলা প্রশাসক কার্যালয়ের মিলনায়তনে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, স্থানীয় গণমান্য ব্যক্তিদের সঙ্গে এক মতবিনিময় সভায় গতকাল শুক্রবার তিনি এসব কথা বলেছেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তারিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বীর বাহাদুর এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা, সাংসদ শামসুল হক চৌধুরী প্রমুখ।এর আগে তিনি ভেঙে যাওয়া বান্দরবান-রোয়াংছড়ি সড়ক পরিদর্শনে যান। পরে সাংবাদিকদের তিনি বলেছেন, বান্দরবানের সড়ক যোগাযোগব্যবস্থার অবস্থা দেখে তিনি সন্তুষ্ট নন। সভার শুরুতে মেজর আবদুল্লাহ আল মামুন পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী প্রকৌশল বিভাগের ১০টি নির্মাণাধীন ও রক্ষণাবেক্ষণকাজের দায়িত্বপ্রাপ্ত সড়কের হালচিত্র তুলে ধরেন। মেজর মামুন বলেন, বরাদ্দের অপর্যাপ্ততার কারণে তাঁরা কাজের অগ্রগতি করতে পারছেন না।এদিকে ওয়াইজংশন-রুমা সড়কের রুমা সেতুর নির্মাণকাজ এ মাসের মধ্যে শেষ হবে। কিন্তু সেতুর দুই পাশের দুই কিলোমিটার করে চার কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণে বরাদ্দে অপ্রতুলতা রয়েছে। সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ফয়েজুল হকও বিভিন্ন সড়কের বর্ণনা দেন। মন্ত্রী ওবায়দুল কাদের রুমা সেতুর সংযোগ সড়কের কাজে প্রয়োজনীয় বরাদ্দ দেওয়া হবে উল্লেখ করে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেন।