পাহাড়ের স্বকীয়তা মুছে ফেলার ষড়যন্ত্র চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটি শহরের পৌরসভা প্রাঙ্গণে গতকাল সকালে বিঝু, সাংগ্রাই, বৈসুক, বিষু, বিহু ও চাংক্রান উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন পাহাড়ি তরুণ-তরুণীরা l ছবি: প্রথম আলো
রাঙামাটি শহরের পৌরসভা প্রাঙ্গণে গতকাল সকালে বিঝু, সাংগ্রাই, বৈসুক, বিষু, বিহু ও চাংক্রান উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন পাহাড়ি তরুণ-তরুণীরা l ছবি: প্রথম আলো

পার্বত্য চট্টগ্রামের জুম্ম জনগণের স্বকীয়তা মুছে ফেলার ষড়ন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন রাঙামাটি থেকে নির্বাচিত সাংসদ উষাতন তালুকদার। তাঁর দাবি, জুম্ম জনগণের সঙ্গে কথা না বলে একের পর এক জুম্মবিরোধী নাম প্রতিষ্ঠা করার চেষ্টা হচ্ছে। তিনি বলেন, ‘আমরা নিজেকে কী নামে ডাকব, সেটা আমাদের বিষয়।’

গতকাল রোববার সকালে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে চার দিনব্যাপী বিঝু, সাংগ্রাই, বৈসুক, বিষু, বিহু ও চাংক্রান উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন সাংসদ।

বিঝু, সাংগ্রাই, বৈসুক, বিষু, বিহু ও চাংক্রান উদ্‌যাপন কমিটি এই উৎসবের আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে সাংসদ উষাতন তালুকদার বলেন, বিঝু, সাংগ্রাই, বৈসুক, বিষু, বিহু ও চাংক্রান নামে পাহাড়ের মানুষ উৎসব করে। কিন্তু সরকার এসব উৎসবের নাম দিয়েছে বৈসাবি। এই শব্দটি পাহাড়ের মানুষের নয়। এ ছাড়া পাহাড়ের মানুষ ক্ষুদ্র জাতিসত্তা হতে চায়নি। সরকার বরাবরই ক্ষুদ্র জাতিসত্তা লিখে যাচ্ছে। তিনি বলেন, বৈসাবি শব্দটি ব্যবহার করতে করতে কোনো একসময় পাহাড়ের মানুষের প্রাণের উৎসব বিঝু, সাংগ্রাই, বৈসুক, বিষু, বিহু ও চাংক্রান হারিয়ে যাবে। তখন পাহাড়ের মানুষের স্বকীয়তা, কৃষ্টি ও সংস্কৃতি হারিয়ে যাবে।

উৎসবে তরুণীদের ছাতা নৃত্য l ছবি: প্রথম আলো
উৎসবে তরুণীদের ছাতা নৃত্য l ছবি: প্রথম আলো

উৎসবের আয়োজকেরা বলেন, চাকমাদের সবচেয়ে বড় সামাজিক উৎসব বিঝু, মারামাদের উৎসবের নাম সাংগ্রাই, ত্রিপুরাদের উৎসবের নাম বৈসুক। বিষু হচ্ছে তঞ্চ্যঙ্গাদের উৎসব। বিহু হচ্ছে অহমিয়াদের উৎসব। চাক, ম্রো ও খুমি সম্প্রদায়ের মানুষের উৎসবের নাম চাংক্রান।

অনুষ্ঠানের উদ্বোধক চাকমা সার্কেলপ্রধান রাজা দেবাশীয় রায় বলেন, চর্চা ও পৃষ্ঠপোষকতার অভাবে পাহাড়ের নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতি অনেকে ভুলে যাচ্ছে। পাহাড়ের মানুষের কৃষ্টি ও সংস্কৃতি ধরে রাখা এবং হারিয়ে যাওয়া সংস্কৃতি পুনরুদ্ধারের জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উৎসব উদ্‌যাপন কমিটির আহ্বায়ক প্রকৃতি রঞ্জন চাকমা। বক্তব্য দেন এম এন লারমার মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি বিজয় কেতন চাকমা এবং রাঙামাটি জেলা পরিষদের  সাবেক চেয়ারম্যান মানিক লাল দেওয়ান প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক শক্তিপদ ত্রিপুরা, জনসংহতি সমিতির কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমা, অধ্যাপক মংসানু চৌধুরী, সাবেক জজ দীপেন দেওয়ান প্রমুখ।

বিঝু, সাংগ্রাই, বৈসুক, বিষু, বিহু ও চাংক্রান উৎসব উদ্বোধনের আগে পাহাড়ের বিভিন্ন সম্প্রদায়ে নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে শুরু করে কাঁঠালতলী, বনরুপা, হ্যাপিমোড়, জেলা প্রশাসক কার্যালয় ও বিজন সরণি হয়ে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। হাজারো মানুষ শোভাযাত্রায় অংশ নেয়।