পাহাড়ে-হাওরে দর্শনার্থীদের ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কমলগঞ্জের মাধবপুর চা–বাগান হ্রদের প্রবেশপথে ঈদের ছুটিতে বেড়াতে আসা পর্যটকদের ভিড়। গত মঙ্গলবার তোলা ছবি: প্রথম আলো
কমলগঞ্জের মাধবপুর চা–বাগান হ্রদের প্রবেশপথে ঈদের ছুটিতে বেড়াতে আসা পর্যটকদের ভিড়। গত মঙ্গলবার তোলা ছবি: প্রথম আলো

ঈদের ছুটিতে আত্মীয়স্বজনের বাড়িতে ঘোরাঘুরি আর ভালো খাওয়াদাওয়ার পাশাপাশি পর্যটন এলাকাগুলোতে ছিল উপচে পড়া ভিড়। অনেকে আরেকটু ভিন্ন স্বাদ পেতে নৌকায় ঘুরে বেড়িয়েছে বিলে, হাওরে। আমাদের প্রতিনিধিরা এ রকমই কিছু ভিন্ন স্বাদের ঈদের ছুটির চিত্র তুলে ধরেছেন।

জুড়ী (মৌলভীবাজার): জুড়ীর হাকালুকি হাওরে ঈদের দিন থেকেই ছিল পর্যটকদের ঢল। হাওরের বুকে ভাসা নৌকাগুলোতে মাইকে গান বাজছিল। পর্যটকদের কাউকে কাউকে হাওরে নির্মিত পর্যবেক্ষণ স্তম্ভে (ওয়াচ টাওয়ার) উঠেও ছবি তুলতে দেখা গেল।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, হাকালুকি হাওরটি জুড়ী ছাড়াও আশপাশের কুলাউড়া, বড়লেখা এবং সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ ও গোলাপগঞ্জ উপজেলার প্রায় ২৮ হাজার হেক্টর জায়গাজুড়ে বিস্তৃত। এসব এলাকার মানুষও এই হাওরে ভিড় করেছিল ঈদের ছুটিতে।

গত মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার কণ্ঠিনালা নদীর ঘাটে গিয়ে দেখা যায়, ২০-২৫টি ইঞ্জিনচালিত নৌকা ভেড়ানো। হাওরে বেড়াতে যাওয়ার জন্য ভাড়া নিয়ে মাঝিদের সঙ্গে পর্যটকদের চলছে দর-কষাকষি চলছে। কেউ কেউ দল বেঁধে চেপে বসছে নৌকায়।

কুমিল্লার বুড়িচং থেকে সপরিবারে আসা বেসরকারি সংস্থার কর্মকর্তা আতিকুর রহমান বললেন, জুড়ীতে তাঁদের এক আত্মীয়ের বাড়ি আছে। ব্যস্ততার কারণে দেশের বৃহত্তম এ হাওরটা দেখা হয়নি। তাই এবার ঈদের ছুটিতে হাওরে বেড়াতে এসেছেন।

ইঞ্জিনচালিত একটি নৌকার মাঝি রফিক মিয়া বলেন, ‘কাইল (ঈদের দিন সোমবার) ২৫ ট্রিপ দিছি। দুই-তিন ঘণ্টা আওরো ঘুরাইলে এক-দেড় হাজার টাকা ভাড়া নিই।’

জেলা প্রশাসক তোফায়েল ইসলাম মুঠোফোনে বলেন, হাকালুকি হাওরের বড়লেখা অংশে ইকোট্যুরিজম করার ব্যাপারে ওই উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্প্রতি একটি প্রস্তাব পাঠান। প্রস্তাবটি সিলেটের বিভাগীয় কমিশনারের মাধ্যমে পর্যটন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড়ের মধুটিলা ইকোপার্ক ঘুরে বেড়াচ্ছেন পর্যটকেরা। গত মঙ্গলবার তোলা ছবি l প্রথম আলো
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড়ের মধুটিলা ইকোপার্ক ঘুরে বেড়াচ্ছেন পর্যটকেরা। গত মঙ্গলবার তোলা ছবি l প্রথম আলো

কমলগঞ্জ (মৌলভীবাজার): জেলার কমলগঞ্জ উপজেলার পর্যটন কেন্দ্র লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর চা-বাগান, হ্রদে ছিল পর্যটকদের ভিড়। ভারী বৃষ্টিপাতের কারণে বড়লেখা উপজেলার মাধবকুণ্ড জলপ্রপাত এলাকায় এবার পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করায় লাউয়াছড়াসহ কমলগঞ্জের পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের চাপ ছিল বেশি।

লাউয়াছড়া উদ্যানে পর্যটকদের সবচেয়ে বেশি আকৃষ্ট করে বিলুপ্ত বন্য প্রাণী। এর মধে৵ আছে হনুমান, লজ্জাবতী বানর, চশমাপরা হনুমান, মায়া হরিণসহ বিভিন্ন প্রাণী। রয়েছে আফ্রিকান টিকওক, সেগুন, আগর, জারুল, চাপালিশ, ডুমুর, লটকন, আমলকী, জলপাইসহ নানা প্রজাতির বৃক্ষ। এ ছাড়া পাহাড়ি ময়না, ধনেশ, মথুরা, বনমোরগ,সবুজ ঘুঘুসহ ২৪৭ প্রজাতির পাখি তো আছেই।

এদিকে ঈদের ছুটিতে মানুষের মিলনমেলায় পরিণত হয়েছিল মাধবপুর লেকটি। মাধবপুর চা-বাগানে অবস্থিত মাধবপুর লেক। চারপাশে বিশাল টিলায় সারিবদ্ধ ছোট-বড় গাছ আর মাঝখানে লেকের জলরাশি। টলটলে রুপালি জলে নীলপদ্ম দেখতে ভিড় করেছিল দেশি-বিদেশি পর্যটকেরা।

অপরদিকে কমলগঞ্জের কুরমা সীমান্তের গহিন অরণ্যে অবস্থিত দেশের বৃহত্তম হামহাম জলপ্রপাত। প্রায় ১৬০ ফুট উঁচু পাহাড়ের ওপর স্পটটি অবস্থিত। রাজকান্দি রিজার্ভ ফরেস্টের কুরমা বন বিটের প্রায় নয় কিলোমিটার ভেতরে এর অবস্থান। তবে যাতায়াত ঝুঁকিপূর্ণ বলে এ জলপ্রপাত ঘিরে ছিল মূলত যুবকদের ভিড়।

কমলগঞ্জের পর্যটন কেন্দ্রগুলোতে সপরিবারে আসা ব্রাহ্মণবাড়িয়ার চিকিৎসক ফজলুল রহমান জানান, ঈদের ছুটিতে একটি নীরব শান্ত পরিবেশে আসার তাগিদেই প্রাকৃতিক এই পরিবেশে বেড়াতে এসেছেন।

ঢাকা থেকে সপরিবারে আসা ব্যবসায়ী আবদুর রব বলেন, কমলগঞ্জের তিনটি পর্যটনকেন্দ্রে যেতে রাস্তার দুরবস্থা পর্যটকদের বেশি ভুগিয়েছে।

লাউয়াছড়া জাতীয় উদ্যান সহব্যবস্থাপনা কমিটির সভাপতি মোসাদ্দেক আহমদ বলেন, পর্যটকের আগমনে লাউয়াছড়া ছিল মুখরিত। গত সোমবার ঈদের দিন লাউয়াছড়া জাতীয় উদ্যানে আগত পর্যটকদের প্রবেশমূল্য ও গাড়ি পার্কিং থেকে আয় হয় ৯৮ হাজার টাকা। পরদিন মঙ্গলবার আয় হয় ১ লাখ ৩০ হাজার টাকা।

নালিতাবাড়ী (শেরপুর): মধুটিলা ইকোপার্ক কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধি সূত্রে জানা গেছে, ঈদের ছুটিতে ময়মনসিংহ বন বিভাগের আওতায় উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ে অবস্থিত মধুটিলা ইকোপার্ক দেখতে ভ্রমণপিয়াসীরা ছুটে আসে। ঈদের দিন থেকে গতকাল বুধবার পর্যন্ত এখানে ছিল উপচে পড়া ভিড়।

জামালপুর শহর থেকে আসা মধুটিলা ইকোপার্কের দর্শনার্থী মরিয়ম বেগম বলেন, ‘ঈদের ছুটিতে পরিবারের সবাইকে নিয়ে ঘুরতে এসেছি। গারো পাহাড়ের প্রকৃতিক সৌন্দর্য সত্যি মন ভালো করে দেয়। এখানে এসে খুব ভালো লাগছে।’

মধুটিলা ইকোপার্কের রেঞ্জার ইলিছুর রহমান বলেন, প্রতিবারই ঈদেরও ছুটিতে গারো পাহাড়ের মধুটিলা ও পানিহাটায় দশনার্থীদের ভিড় হয়। গারো পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য ভ্রমণপিপাসুদের বাড়তি আনন্দ দেয়।