পাড় ইজারা নিয়ে পুকুর দখলের পাঁয়তারা
বিপণিবিতান নির্মাণের জন্য ভোলা জেলা পরিষদ টাকার বিনিময়ে বোরহানউদ্দিন পৌরসভার ঈদগাহ পুকুর ইজারা দেওয়ার পাঁয়তারা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। পাড় ইজারা নেওয়ার নামে স্থানীয় কিছু ব্যক্তি পুকুর দখলের চেষ্টা চালাচ্ছেন। একটি সংগঠন পাড় ইজারা নিয়ে ইতিমধ্যে পুকুরের ভেতরে তাদের কার্যালয় ও বিপণিবিতান নির্মাণ করেছে।
এলাকাবাসীর পক্ষে একজন জনপ্রতিনিধি ইজারা কার্যক্রম বন্ধ করার জন্য জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেছেন।
জেলা পরিষদের অফিস সহকারী সানাউল্যাহ বলেন, ইতিমধ্যে বোরহানউদ্দিন পৌর এলাকার সৈনিক কল্যাণ সংস্থা নামের একটি বেসরকারি সংগঠনকে পুকুরের পশ্চিম পাড়ের ৫৪০ বর্গফুট জমি ইজারা দেওয়া হয়েছে। ওই পাড়ের আরও জমি ১১ জনকে ইজারা দেওয়ার প্রক্রিয়া চলছে। প্রত্যেককে ৩০০ বর্গফুট জমি ইজারা দেওয়া হবে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার কুতুবা মৌজার ১৫৩৪ নম্বর দাগের ১১০ শতাংশ জমিতে প্রায় ১০০ বছর আগে বোরহানউদ্দিন বাজারের ব্যবসায়ীদের উদ্যোগে পুকুরটি কাটা হয়। ভোলা-চরফ্যাশন সড়কের পাশে বোরহানউদ্দিন পৌরসভায় ঈদগাহ পুকুরের অবস্থান। সড়ক থেকে পুকুরের দূরত্ব পাঁচ-ছয় ফুট। পুকুরের পাড় বলতে ওইটুকুই। পুকুরের পশ্চিম পাশে বোরহানউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়, পৌর ভবন, ঈদগাহ জামে মসজিদ; দক্ষিণ পাশে জেলা পরিষদের ডাকবাংলো; উত্তর পাশে রহমানিয়া আলিম মাদ্রাসা ও বোরহানউদ্দিন কওমি মাদ্রাসা। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী এবং বোরহানউদ্দিন বাজারের মানুষ নানা প্রয়োজনে পুকুরের পানি ব্যবহার করে। সৈনিক কল্যাণ সংস্থা পুকুরের মধ্যে ভবন নির্মাণ করে তা বিপণিবিতান হিসেবে ভাড়া দিচ্ছে।
সৈনিক কল্যাণ সংস্থার সভাপতি এমরান হোসেন জানান, জেলা পরিষদ যতটুকু জমি ইজারা দিয়েছে, ততটুকুতে বিপণিবিতান ও সংগঠনের কার্যালয় নির্মাণ করা হয়েছে। পাড় ইজারা নিয়ে পুকুরের মধ্যে ভবন নির্মাণ করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, জেলা পরিষদের লোকজন মেপে দেওয়ায় তাঁরা পুকুরে পিলার দিয়ে ভবন করেছেন। পুকুর ভরাট করেননি।
বোরহানউদ্দিন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মিরাজ নতুন করে পুকুরটি ইজারা না দেওয়ার জন্য গত ২০ অক্টোবর জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেছেন। আবেদনে তিনি উল্লেখ করেছেন, টাকার বিনিময়ে জেলা পরিষদের কিছু কর্মকর্তা পুকুরটি ইজারা দিচ্ছেন। জনস্বার্থে ইজারা দেওয়ার কার্যক্রম বন্ধ করা উচিত।
ভোলা জেলা পরিষদের প্রধান নির্বাহী এ বি এম শওকত ইকবাল টাকার বিনিময়ে পুকুর ইজারা দেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এলাকাবাসীর আবেদন আমরা পাইনি। তবে সরেজমিনে তদন্ত করে বাকি জমি ইজারা দেওয়া হবে।’ এর আগে পাড় ইজারা প্রসঙ্গে তিনি কোনো মন্তব্য করেননি।