পাড় না বাঁধায় ভাঙছে রাস্তা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা-আখাউড়া সড়কের পাশে প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে ব্যক্তিমালিকানাধীন পুকুরের পাড় না থাকায় সওজ ও এলজিইডির রাস্তা ভেঙে যাচ্ছে। যেকোনো সময় পুকুরে পড়ে যেতে পারে বৈদ্যুতিক খুঁটি।
খোঁজ নিয়ে জানা গেছে, মোগড়া বাজার থেকে আখাউড়া পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ এ রাস্তায় মোগড়া ইউনিয়নের নয়াদিল এলাকায় প্রায় আধা কিলোমিটারজুড়ে কয়েকটি পুকুর ও জলাশয় রয়েছে। ওই জলাশয়গুলোতে মৎস্যচাষিরা মাছ চাষ করছেন। এ পুকুরগুলোর পাড় বাঁধাই করা না থাকায় ভেঙে যাচ্ছে পাশের রাস্তাটি। উপজেলা পরিষদ থেকে বাঁশ ও বালুর বস্তা দিয়ে প্রাথমিকভাবে সংস্কার করা হলেও লাভ হচ্ছে না। রাস্তার পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিও ভাঙনের মুখে পড়ে হেলে পড়েছে।
এ ছাড়া ওই সড়কের মনিয়ন্দ এলাকায়ও পুকুরের বাঁধাই করা না থাকায় এলজিইডির রাস্তাটির বড় একটি অংশ ভেঙে যাচ্ছে।
নয়াদিল গ্রামের সোহাগ মিয়া বলেন, জলাভূমিটি দীর্ঘদিন আগের। এখানে অনেকে মিলে মাছ চাষ করে। জলাভূমিটির পাড় ছিল। ধীরে ধীরে সেটা ভেঙে গেছে।
নয়াদিল গ্রামের জাওয়াত মৎস্য খামারের মালিক আনোয়ার হোছাইন বলেন, রাস্তাটির পশ্চিম পাশে তাঁর মালিকানাধীন পুকুর। এখানে রাস্তার পাশে ৬ ফুট জায়গা রয়েছে। কিন্তু অনেকটা ভেঙে গেছে। তবে বেশির ভাগ ভেঙেছে রাস্তার পূর্ব পাশে। সেটির মালিকানা তাঁর নয়, অন্য একজনের।
আখাউড়ার মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামাল ভূঁইয়া বলেন, মনিয়ন্দ এলাকায় একটি পুকুরের পাড় না থাকায় এক জায়গায় বড় আকারে ভাঙন দেখা দিয়েছে। পরে পরিষদের টাকা দিয়ে তা সংস্কারও করা হয়।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আখাউড়া উপজেলা প্রকৌশলী আবদুর রাজ্জাক বলেন, সড়কটির কয়েক জায়গায় ভাঙন দেখা দেওয়ায় বাঁশ ও বালুর বস্তা দিয়ে রাস্তাটি বেঁধে দেওয়া হয়েছে। তা ছাড়া, মোগড়া হাই স্কুলসংলগ্ন একটি পুকুরের মালিককে নোটিশ দেওয়ায় তিনি পুকুর খনন করে পাড় বেঁধে নিয়েছেন। পুরো উপজেলায় এমন অনেক পুকুর রয়েছে, যার এক পাড় রাস্তা ঘেঁষে।
আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সামছুজ্জামান বলেন, কসবা-আখাউড়া সড়কটির নয়াদিল এলাকায় প্রায় আধা কিলোমিটার এলাকায় বাঁশ ও বালুর বস্তা দিয়ে সংস্কার করা হয়েছে। পুকুরমালিকদের পুকুরপাড় বেঁধে মাছ চাষ করার নির্দেশ দেওয়া হয়েছে। যাঁরা পাড় বাঁধবেন না তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সওজের ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী প্রকৌশলী আবু এহতেশাম রাশেদ বলেন, আখাউড়ার নয়াদিলসহ আরও অনেক এলাকায় রাস্তার পাশ ঘেঁষে থাকা পুকুরের পাড় বাঁধাই করা না থাকায় রাস্তা ভেঙে যাচ্ছে। গত সপ্তাহে ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে বিষয়টি উত্থাপন করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে পুকুরমালিকদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রস্তাব দেওয়া হয়েছে।