পাড়াগাঁয়ে উঠছে শিল্পকারখানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ আইন লঙ্ঘন করে পাবনার চাটমোহর উপজেলায় নির্মিত হচ্ছে ভারী শিল্পকারখানা। এতে ক্ষুব্ধ হয়ে উঠেছে কারখানার পাশের বাসিন্দারা। তাদের অভিযোগ, পল্লির এক বাসিন্দা বসতবাড়ির কথা বলে কারখানাটি গড়ে তুলছেন।কারখানাটি পূর্ণাঙ্গভাবে চালু হলে মারাত্মক পরিবেশ ও শব্দদূষণ হবে বলে আশঙ্কা করছে এলাকাবাসী। তারা তাই কারখানাটি বন্ধের দাবি জানিয়েছে।এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, পঞ্চাশের দশকের শুরুর দিকে উপজেলার ফৈলজানা ইউনিয়নের কাটাজোলা খ্রিষ্টানপল্লিতে লোকজন বসবাস শুরু করে। পল্লির বাসিন্দা (বর্তমানে ঢাকায় বসবাসরত) বাবুল বৈদ্য সম্প্রতি তাঁর পৈতৃক ভিটায় ‘বাপ্পী ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্ট’ নামের একটি কারখানা নির্মাণের কাজ শুরু করেন।এলাকাবাসী অভিযোগ করেন, বাবুল বৈদ্য বাড়ি করার কথা বলে ভবন নির্মাণের কাজ শুরু করেন। পরে দেখা যায়, তিনি শিল্পকারখানা করছেন। কারখানাটি পূর্ণাঙ্গভাবে চালু হলে এলাকায় বায়ু ও শব্দদূষণ হবে। কারখানার বর্জ্যে দূষিত হবে নদীর পানি।গত বৃহস্পতিবার সরেজমিনে কাটাজোলা খ্রিষ্টানপল্লিতে গিয়ে দেখা যায়, নারকেল, সুপারি, আম, কাঁঠালসহ বিভিন্ন ফলদ ও বনজ গাছে পরিপূর্ণ গ্রামটিতে টিনের ও মাটির ঘরই বেশি। গ্রামের মাঝখানে নির্মাণ করা হচ্ছে বিশাল এক ভবন। ভবনটির তৃতীয় তলার কাজ করছেন নির্মাণশ্রমিকেরা। এটিই ‘বাপ্পী ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্ট’-এর কারখানা। কারখানার পশ্চিম পাশে পাঁচ থেকে ছয় ফুট দূরত্বের মধ্যে তিনটি বসতবাড়ি। পূর্ব পাশে একই দূরত্বে আছে আরও ছয়টি বাড়ি। পেছন দিকে চিকনাই নদী। কারখানায় ঢুকতেই বাঁ দিকে একটি বসতবাড়ি ঘেঁষে বসানো হয়েছে ‘বয়লার’। আর পেছনে নদীর দিকে জেনারেটর। পুরো কারখানা ভবন বিভিন্ন ভারী যন্ত্রে ঠাসা।কারখানার ব্যবস্থাপক আবদুল্লাহ আল নোমান জানান, কারখানাটি পূর্ণাঙ্গ রূপ নিতে আরও কিছু সময় লাগবে। এটি চালু হলে প্রথমপর্যায়ে এখান থেকে পাস্তুরিত তরল দুধ, আইসক্রিম, মাখন, মাঠা, ঘি, দই, মিল্ক চিজ ও ক্যান্ডি প্রস্তুত হবে, যা তৈরির জন্য কারখানায় একটি বয়লার, একটি ৩০০ কেভি জেনারেটর, ফ্রিজার মেশিন, মিক্স ইউনিট, পাস্তুরাইজার, হোমোজিনাইজারসহ বেশকিছু যন্ত্র বসানো হয়েছে।স্থানীয় বাসিন্দা লরেন্স ডি বৈদ্য অভিযোগ করেন, কারখানাটির পেছন দিয়ে প্রবাহিত চিকনাই নদীর পানি দিয়ে এ অঞ্চলের মানুষ গোসলসহ গৃহস্থালির কাজ করে। কিন্তু কারখানাটি পূর্ণাঙ্গভাবে চালু হলে এর বর্জ্যের কারণে নদীর পানি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়বে। শব্দ ও বায়ুদূষণে বসবাসের অযোগ্য হয়ে পড়বে গোটা গ্রাম। কারখানার যানবাহন ও তিন শতাধিক শ্রমিক-কর্মচারীর কোলাহলে পল্লির স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হবে।এলিজাবেথ বৈদ্য (৯৫) বলেন, ‘কারখানাটি চালু হলে আমরা নিজেদের বসতভিটায় স্বাচ্ছন্দ্যে চলতে-ফিরতে পারব না। ওপর থেকে শ্রমিকেরা আমাদের দিকে চেয়ে থাকবে, এটা একধরনের মানবাধিকার হরণ।’ফৈলজানা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান আলী বলেন, গ্রামটি ঘনবসতিপূর্ণ। কারখানাটি চালু হলে নদীর পানি ও পরিবেশ দূষিত হবে, এটা ঠিক। বিষয়টি কারখানার মালিককে জানানো হয়েছে।চাটমোহর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, ‘গ্রামটি পরিদর্শন করেছি। এলাকাবাসী পরিবেশ ও নদীর পানি দূষণের যে আশঙ্কা করছে, এটা ঠিক। তবে কারখানাটি প্রতিষ্ঠিত হলে গ্রামের মানুষের কর্মসংস্থান হবে বলে এলাকাবাসী জানিয়েছে।’অভিযোগ অস্বীকার করে কারখানার মালিক ও ব্যবস্থাপনা পরিচালক বাবুল বৈদ্য প্রথম আলোকে বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিয়েই কারখানা নির্মাণ করা হচ্ছে। শব্দ, বায়ু ও পানিদূষণের যে অভিযোগ করা হয়েছে, তা ঠিক নয়। কারণ দুগ্ধ-কারখানায় দূষণকারী কোনো বর্জ্য তৈরি হয় না। এর পরও শব্দদূষণ রোধে জেনারেটরটিকে সাউন্ড-প্রুফ করা হয়েছে। পাশাপাশি পানিদূষণ রোধে বর্জ্য পরিশোধনাগার বা ইটিপি স্থাপন করা হয়েছে।পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. নাজমুল হক সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রেরিত এক পত্রে বলেন, বিধি অনুসারে, অবস্থাগত ছাড়পত্র গ্রহণের পর কারখানাটি স্থাপিত হওয়া উচিত ছিল। কিন্তু ৮০ শতাংশ কাজ শেষ হওয়ার পর ছাড়পত্রের আবেদন করা হলে এলাকাবাসীর মতামতের ভিত্তিতে পরিবেশ ছাড়পত্র দেওয়া হয়েছে।