পাড়াগাঁয়ে ‘বাবা’র নেশা, উৎকণ্ঠায় অভিভাবকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাবা’র নেশায় বুঁদ হয়ে আছে বরগুনার পাথরঘাটা উপজেলার কিশোর ও তরুণেরা। ‘বাবা’ হচ্ছে নিষিদ্ধ বড়ি ইয়াবার সাংকেতিক নাম। রাজধানী ঢাকা ছাড়িয়ে এখন মফস্বল শহর পাথরঘাটায় পৌঁছে গেছে এ মাদকদ্রব্য। তিনটি চক্র এক বছর ধরে পাথরঘাটায় এ বড়ি সরবরাহ করছে। উপজেলার আট থেকে ১০টি স্থানে এ বড়ি বিক্রি করা হচ্ছে। এতে অভিভাবক ও এলাকার সচেতন লোকজন উৎকণ্ঠায় আছেন। খোঁজ নিয়ে জানা গেছে, একটি অসাধু চক্র নেশার বড়ি ইয়াবা সড়কপথে পাথরঘাটায় পাচার করছে। মাঝেমধ্যে এ বড়ি নিয়ে পাথরঘাটায় আসার সময় দু-একজন আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর হাতে ধরাও পড়ছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৮) সদস্যরা ৬ এপ্রিল রাতে পাথরঘাটা শহরের কালীমন্দিরের সামনের এলাকায় অভিযান চালান। এ সময় তাঁরা ২০টি ইয়াবাসহ সুজন (২৮) নামের এক যুবককে আটক করেন। পরে আটক সুজনকে তাঁরা পাথরঘাটা থানায় সোপর্দ করেন। মামলার তদন্ত কর্মকর্তা পাথরঘাটা থানার উপপরিদর্শক মঈনুল হোসেন বলেন, সুজন দীর্ঘদিন ধরে পাথরঘাটায় ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন। তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। স্থানীয় একটি সূত্রে জানা গেছে, পাথরঘাটা উপজেলা শহরের বর্তমানে প্রকাশ্যে বিক্রি হচ্ছে ইয়াবা। এখানে ইয়াবা ‘বাবা’ নামে পরিচিত। পৌর শহরের বিষখালী নদীর ফেরিঘাট, দীঘিরপাড়-সংলগ্ন বৈরাগী বাড়ির বাগানে, ঈমান আলী রোডের একটি চালের দোকানের পেছন, পৌরসভা ভবনের দক্ষিণ পাশ, তালতলা বাসস্ট্যান্ড, বিএফডিসি মৎস্য অবতরণকেন্দ্র এলাকা, খাসকাচারী মাঠের দক্ষিণ পাশ, পৌর শহরের একটি আবাসিক হোটেলসহ বেশ কয়েকটি স্থানে ইয়াবা বিক্রি করা হয়। ওই সব এলাকায় সন্ধ্যার পর যুবকদের আনাগোনা শুরু হয়। ইয়াবায় আসক্ত কয়েকজন যুবক জানান, ২০১০ সালের মাঝামাঝি সময়ে এ উপজেলায় ইয়াবা সহজলভ্য হয়ে ওঠে। ইয়াবা শব্দটি দেশজুড়ে ব্যাপক পরিচিত ও আলোচিত হওয়ায় নিরাপত্তার স্বার্থে ক্রেতা-বিক্রেতারা এর সাংকেতিক নাম ‘বাবা’ রেখেছে। মানভেদে একটি বড়ি ৪৫০ থেকে ৭০০ টাকায় বিক্রি হয়। একটি বড়ি সেবন করলে কমপক্ষে দুই দিনের নেশা হয়। বর্তমানে এ উপজেলায় আড়াই শতাধিক কিশোর ও তরুণ ইয়াবায় আসক্ত। অনুসন্ধানে জানা যায়, পাথরঘাটায় তিনটি চক্র এ ইয়াবা বিক্রির ব্যবসায় জড়িত। যারা এসব বিক্রির সঙ্গে জড়িত তারা নিজেরাও এ বড়িতে আসক্ত। ঢাকা-পাথরঘাটা এবং খুলনা-পাথরঘাটা পথে চলাচলকারী বাসে ঢাকা, খুলনা, বরিশাল ও বেনাপোল থেকে ইয়াবা বড়ির চালান পাথরঘাটায় আসে। নাম প্রকাশ না করার শর্তে পাথরঘাটা পৌর এলাকার কয়েকজন অভিভাবক বলেন, পাথরঘাটায় মাদকের ভয়াবহতা যেভাবে বাড়ছে তাতে ছেলেদের নিয়ে দুশ্চিন্তা হয়। শহরের ৭৫ ভাগ তরুণ কোনো না কোনো নেশায় আসক্ত। এদের দ্বারাই উঠতি বয়সী ছেলেরাও এ নেশার দিকে ঝুঁকে পড়ছে। পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা আবুয়াল ফাত্তাহ বলেন, মূলত ইয়াবা একটি যৌন উত্তেজক বড়ি। দীর্ঘদিন এ বড়ি সেবন করলে মানসিক বিকাশ বাধাগ্রস্ত হবে। এ বড়ি সাময়িক যৌন উত্তেজনা বৃদ্ধি করলেও দীর্ঘ মেয়াদে ব্যক্তির যৌনক্ষমতাকে শেষ করে দেয়। পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বেলায়েত হোসেন বলেন, ‘ইয়াবাসহ সব মাদকদ্রব্য নিয়ন্ত্রণের ব্যাপারে আমাদের কার্যক্রম অব্যাহত আছে। যেকোনো মূল্যে এ চক্রের সদস্যদের প্রতিরোধ করা হবে।’