পাড়াগাঁয়ের ‘এসি-স্কুল’!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁও শহরের একটি বিয়ে বাড়ি! শিশুর দল জটলা পাকিয়ে নিজেদের মাঝে কথা বলছিল। একজন হঠাৎ নিজ স্কুলের বন্দনায় মেতে ওঠে। কান পেতে ওদের কথা শুনছিলেন নিমন্ত্রণে আসা এক স্কুলশিক্ষক। শিশুটি বলছিল, ‘আমরা এসি (শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র) স্কুলে পড়ি। যেখানে শীতকালে গরম আর গরমকালে শীতল বাতাস মেলে।’ এই পাড়াগাঁয়ে শীতাতপ নিয়ন্ত্রিত স্কুলের কথা শুনে হকচকিয়ে যান শিক্ষক। ঠিকানা জোগাড় করে একদিন গিয়ে হাজির হন ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার কলন্দা তালদিঘি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে। কিন্তু কোথায় এসি-স্কুল! কোথায় ভবন! ফসলি জমির মাঝে একটা ঘর। ঘর বললে ভুল হবে। বাঁশের খুঁটির ওপর একটি টিনের চালা দাঁড়িয়ে আছে। বেড়া বলতে কিছু আর অবশিষ্ট নেই। এক পাশ থেকে তাকালে অন্য পাশের দৃশ্যপট দেখা যায়। ঘরের সামনে নেই কোনো সাইনবোর্ড। আছে একটি পতাকা দণ্ড। তাতে পত্পত্ করে উড়ছে পতাকা। স্কুলের নিশানা বলতে ওই পতাকা দণ্ডটি। শিক্ষক সেই ছেলেটিকে খুঁজে বের করেন। জিজ্ঞেস করেন, কোথায় তোমার এসি-স্কুল? জবাবে ছেলেটি বলে, ‘এই জরাজীর্ণ বেড়া আমাদের জন্য এসির মতো কাজ করে। শীতকালে নরম রোদ আমাদের উষ্ণ করে। আর গরমের সময় শীতল হাওয়া আমাদের গায়ে পরশ বুলিয়ে দেয়।’জানা গেছে, ১৯৯০ সালে বালিয়াডাঙ্গীর কলন্দা তালদিঘি গ্রামের তরুণেরা মিলে কলন্দা তালদিঘি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। ২০০৮ সালে বিদ্যালয়টি এমপিওভুক্ত হয়। বর্তমানে প্রাক-প্রাথমিক শ্রেণীসহ পাঁচটি শ্রেণীতে দেড় শ শিক্ষার্থী এখানে পড়াশোনা করছে। শিক্ষক আছেন চারজন। সম্প্রতি সরেজমিনে দেখা যায়, খড়ের বেড়া দিয়ে তৈরি ঘরটির দৈর্ঘ্যে ৩৬ ফুট। বাঁশ ও খড়ের বেড়ার পার্টিশন দিয়ে তৈরি করা হয়েছে তিনটি শ্রেণীকক্ষ। ২০ জোড়া বেঞ্চ আছে। তা-ও অর্ধেক ভাঙা। নেই কোনো সাইন বোর্ড। মূল্যবান কাগজ ও খাতা সংরক্ষণের নেই কোনো আলমারি। ফলে জরুরি কাগজপত্র প্রধান শিক্ষক তাঁর বাড়িতে নিয়ে যান। স্কুলে নেই কোনো শৌচাগার। প্রয়োজনে শিক্ষার্থীরা নিজ বাড়িতে যায়। আর পিপাসা পেলে স্কুলের পাশের বাড়ির নলকূপই তাদের ভরসা। তৃতীয় শ্রেণীর ছাত্রী দীপ্তি রাণী রায় বলে, ‘শুরু থেকে এভাবেই ক্লাস করছি। সামান্য বৃষ্টি হলেই জলে ভেসে যায় ক্লাসরুম। তখন বন্ধ থাকে পড়ালেখা।’ স্কুলের প্রধান শিক্ষক অমল চন্দ্র বলেন, ‘সমস্যাগুলো অনেকবার কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিন্তু সমাধানের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। ফলে শিক্ষার্থীরা এই স্কুলে পড়ালেখা করতে আগ্রহ হারিয়ে ফেলছে।’বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি নারায়ণ রায় জানান, প্রতি বছর নিজ উদ্যোগে স্কুলঘরের বেড়া মেরামত করা হয়। কিন্তু কিছু দিন পর সেগুলো আবারও নষ্ট হয়ে যায়। স্কুলের অবকাঠামো নির্মাণের জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুস সালাম জানান, স্কুলটির অবকাঠামো, বেঞ্চ, আসবাব ও সীমানাপ্রাচীর নির্মাণ করা দরকার।