পাড়ায় পাড়ায় ছাত্রদলকে শক্তিশালী করার তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলীয় কার্যালয়ের পরিবর্তে পাড়ায় পাড়ায় গিয়ে ছাত্রদলকে শক্তিশালী করার তাগিদ দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। গণতন্ত্র পুনরুদ্ধারে আরেকটি সংগ্রামে শামিল হতে তিনি ছাত্রদলকে আহ্বান জানান।
গতকাল সোমবার চট্টগ্রাম নগর ছাত্রদলের সাংগঠনিক সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে নোমান এ কথা বলেন। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি বজলুর করিম।
নোমান আরও বলেন, উপজেলা নির্বাচনে ভোট ডাকাতির মাধ্যমে প্রমাণিত হয়েছে, দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনে বিএনপির অংশগ্রহণ না করার সিদ্ধান্ত সঠিক ছিল। দেশে বর্তমানে স্বাধীনতা-পরবর্তী সময়ের মতো অবস্থা বিরাজ করছে। স্বাধীনতা-পরবর্তী শাসনের মতো এখন আবার হত্যা, গুম, লুটপাট চলছে। তখন আওয়ামী লীগের নেতারা বলেছিলেন, ‘আইনের শাসন মানি না, মুজিবের শাসন মানি।’ বর্তমানে আইনের শাসনের পরিবর্তে হাসিনার শাসন চলছে। এভাবে দেশ চলতে পারে না।
নোমান বলেন, ‘আমাদের রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হতে পারে। কিন্তু গণতন্ত্রের জন্য ভিন্নমতের সবাই একমঞ্চে এসে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করতে হবে। গণতন্ত্রকে উদ্ধার করতে হবে।’
হাতাহাতি: আধিপত্য নিয়ে গতকাল সোমবার দলীয় কার্যালয় নাসিমন ভবন চত্বরে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে। এতে অনুষ্ঠানে বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা সোয়া ১১টার দিকে ছাত্রদলের একটি মিছিল নাসিমন ভবন চত্বরের দিকে প্রবেশ করলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এতে কয়েকজন কর্মী হাতাহাতিতে জড়িয়ে পড়েন।
নগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আহমেদুল আলম চৌধুরী এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, একটি মিছিল প্রবেশের সময়ে থামিয়ে দেওয়া হলে একটু ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এটা তেমন কিছু নয়। জ্যেষ্ঠ নেতারা পরিস্থিতি সামাল দিয়ে ফেলেন।