পাড়ায় পাড়ায় পাঠাগার গড়ে তুলতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধে পাড়ায় পাড়ায় পাঠাগার গড়ে তুলতে হবে। সন্তানদের সৃজনশীল, বিশেষ করে সংস্কৃতিচর্চার দিকে আনতে হবে। পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানে নৈতিকতার চর্চা বাড়াতে হবে। জঙ্গিবাদ প্রতিরোধে দলমত-নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বরিশাল মহানগরের বিশিষ্ট নাগরিকদের সঙ্গে পুলিশ প্রশাসনের মতবিনিময় সভায় এসব কথা বলেন বক্তারা।
গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় নগরের নতুন বাজার এলাকায় অমৃতাঙ্গনে প্রায় দুই হাজার নাগরিক প্রতিনিধির সঙ্গে ওই মতবিনিময় অনুষ্ঠিত হয়। বরিশাল মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানা ওই সভার আয়োজন করে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার এস এম রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল সদর আসনের সাংসদ জেবুন্নেছা আফরোজ।
মতবিনিময় সভায় বিশিষ্ট নাগরিকেরা বলেন, ‘মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ থাকতে পারে না। জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা অসাম্প্রদায়িক চেতনাকে সংকুচিত করে। যদিও জঙ্গিবাদ শুধু বাংলাদেশের সমস্যা নয়, এটা আন্তর্জাতিক সমস্যা। কিন্তু এই আন্তর্জাতিক সমস্যা আমাদের স্পর্শ করেছে। তাই জঙ্গিবাদ প্রতিরোধে প্রয়োজন সামাজিক প্রতিরোধ গড়ে তোলা। ঐক্যবদ্ধ জাতীয় শক্তির কাছে কখনো জঙ্গিবাদ টিকে থাকতে পারে না।’
বক্তারা আরও বলেন, ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ করা কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ নয়। নাগরিক হিসেবে আমাদেরও দায়িত্ব রয়েছে। পরিবার ও সমাজ থেকেও প্রতিরোধে ভূমিকা রাখতে হবে। আমাদের সন্তানদের সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত রাখতে হবে। খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় শিক্ষার্থী ও সন্তানদের আগ্রহ সৃষ্টি করতে হবে। সন্তান কোথায় কার সঙ্গে মিশছে, তার খোঁজ রাখতে হবে। এর পাশাপাশি দায়িত্ব নিতে হবে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদেরও।’
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও আইনজীবী মানবেন্দ্র বটব্যাল, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি এস এম ইকবাল, শিক্ষাবিদ অধ্যক্ষ মো. হানিফ, বরিশাল জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ কুতুব উদ্দিন আহম্মেদ, বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক, সাদা মনের মানুষ বিজয় কৃষ্ণ দে, নাট্যজন সৈয়দ দুলাল, জেলা পরিষদের চেয়ারম্যান খান আলতাফ হোসেন, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ভাস্কর সাহা, বরিশাল শিল্প ও বণিক সমিতির সভাপতি সাইদুর রহমান, বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের অধ্যক্ষ অধ্যাপক স ম ইমামুল হাকিম, প্রমুখ।