পায়রা নদীতে কুমির আতঙ্ক, দুদিন ধরে মাছ ধরা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পায়রা নদীতে কুমির আতঙ্কে জেলেরা মাছ ধরছেন না। গত ২৭ মে থেকে দুটি জেলে নৌকায় একাধিক কুমিরের আক্রমণ করার পর থেকে এই আতঙ্ক ছড়িয়ে পড়ে। জেলেদের দাবি, তাঁরা অন্তত চারটি কুমিরকে একসঙ্গে ভাসতে দেখেছেন।

এ খবর ছড়িয়ে পড়ার পর জেলার আমতলী ও তালতলী উপজেলার জেলেরা দুদিন ধরে নদীতে মাছ ধরতে নামছেন না।

প্রত্যক্ষদর্শী তিন-চারজন জেলে জানান, বরগুনার আমতলী ও তালতলী দুই উপজেলার পাশ দিয়ে প্রবাহিত পায়রা নদীটি বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে।

২৭ মে সকালে আমতলী উপজেলার পায়রা নদী-সংলগ্ন গাবতলী গ্রামের জেলে আলমগীর শিকদার জাল নিয়ে নদীতে মাছ ধরতে যান। এ সময় একটি কুমির তার নৌকায় হামলা করে। পরে আলমগীর ও তার সহযোগী জেলেরা জাল ফেলে রেখে দ্রুত নৌকা নিয়ে কিনারে আসেন। কিনারে এসে এই ঘটনা এলাকার অন্য জেলেদের কাছে জানালে প্রথমে কেউ বিশ্বাস করতে চাননি।

পরে ওই দিন দুপুরে গাবতলী আবাসন প্রকল্পের বাসিন্দা নাসিমা বেগম তাঁর বোনের ছেলে রাব্বিকে নিয়ে নদীতে পানি আনতে গেলে নদীর কিনারে গিয়ে দেখেন সেখানে চারটি কুমির চরের সামান্য পানিতে ভাসছে। তারা আতঙ্কে দৌড়ে বাড়ি চলে আসেন।

একইভাবে ২৮ মে গাবতলীর পাশের গ্রাম মৌপাড়ার জেলেরা নদীতে জাল ফেলতে যান। এ সময় ওই জেলেদের একটি নৌকায় কয়েকটি কুমির হানা দেয়। এতে অল্পের জন্য নৌকার জেলেরা রক্ষা পান।

৩০ মে সন্ধ্যায় তালতলী উপজেলার চন্দনতলা গ্রামের জেলে হেলাল বয়াতি জাল নিয়ে নদীতে রওনা দেন। তিনি বগি এলাকার পায়রা নদীর কিনারে গেলে সেখানে অন্তত দুটি কুমিরকে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে আতঙ্কে তিনি জাল-নৌকা ফেলে কিনারে উঠে স্থানীয় লোকজনকে খবর দেন। খবর পেয়ে সেখানে শতাধিক লোক নদীর পাড়ে ছুটে এসে ঘটনা প্রত্যক্ষ করেন।

কয়েক দিন ধরে একের পর এক জেলে নৌকায় কুমিরের হানা দেওয়ার খবর জেলে ও সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে পড়ায় আমতলী ও তালতলী উপজেলার জেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফলে দুদিন ধরে কুমিরের ভয়ে পায়রা নদীতে জেলেরা মাছ শিকার বন্ধ রেখেছেন। তালতলী উপজেলার ছোটবগি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মজিবুর রহমান বিশ্বাস বলেন, কয়েক দিন ধরে কুমির দেখা যাচ্ছে। আমার কাছে এই চার দিনে এলাকার কয়েক শ লোক বিষয়টি জানিয়েছে।

এরপর গোটা এলাকার জেলেদের মধ্যে কুমির আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ফলে বঙ্গোপসাগরের মোহনা থেকে পায়রা নদীর জয়ালভাঙ্গা, চন্দনতলা, বগীর বাজার, মৌপাড়া, গাবতলী ও চরপাড়ার ১০ কিলোমিটার পর্যন্ত নদীতে মঙ্গলবার সকাল থেকে কুমির আতঙ্কে জেলেরা মাছ ধরা বন্ধ করে দিয়েছে। মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

তালতলী উপজেলা মৎস্য কর্মকর্তা শামীম রেজা বলেন, ‘নদীতে কুমির এসেছে এ কথা শুনেছি। অনেক জেলে ফোন করে আমাকে বিষয়টি জানিয়েছে। আমরা ধারণা করছি, বঙ্গোপসাগর থেকে দলছুট হয়ে এসব কুমির শাখা নদীতে প্রবেশ করেছে। নদীতে আসা এসব কুমির যাতে জেলেরা সংঘবদ্ধ হয়ে মেরে না ফেলে সে জন্য জেলে ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বলা হয়েছে।’