পায়রা নদীর স্রোতে লেবুখালী বাঁধে ধস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী ফেরিঘাট এলাকার প্রতিরক্ষা বাঁধ পায়রা নদীর প্রবল স্রোতে ধসে পড়ছে। সপ্তাহ খানেক আগে ফেরিঘাটের পূর্ব দিকে বাঁধের ২০০ মিটারের মধ্যে ৭০ মিটার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এ অবস্থায় বাঁধপাড়ের মানুষেরা আতঙ্কে দিন কাটাচ্ছে। জরুরিভিত্তিতে ভাঙন রোধ করা না হলে লেবুখালী ফেরিঘাট নদীগর্ভে বিলীন হয়ে পটুয়াখালী-বরিশাল সড়ক যোগাযোগ ব্যাহত হতে পারে। আর বাঁধের ভেঙে যাওয়া অংশ দিয়ে জোয়ারের পানি ঢুকে লেবুখালী, মোলাখালী, মরিচের খাল, আলগী ও পাঙ্গাশিয়া—এ পাঁচটি গ্রাম প্লাবিত হতে পারে বলে এলাকাবাসীর আশঙ্কা।এলাকাবাসী জানান, এক বছর আগে এক হাজার ২০০ মিটার দীর্ঘ এই বাঁধের পাঁচটি স্থানে মোট ২৩২ মিটার এলাকায় ভাঙন দেখা দেয়। এর মধ্যে ফেরিঘাটের পূর্ব দিকে বাঁধের ৭০ মিটার সপ্তাহ খানেক আগে ধসে গেছে। এ ছাড়া ফেরিঘাটের পশ্চিম দিকে দুটি স্থানে বাঁধ সম্পূর্ণ ভেঙে জোয়ারের পানি ঢুকছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) পটুয়াখালী কার্যালয় সূত্রে জানা গেছে, গত এক বছর ধরে ফেরিঘাটের পূর্ব দিকে বাঁধের ২০০ মিটার ও পশ্চিম দিকে এক হাজার মিটারের মধ্যে মোট পাঁচটি স্থানে বাঁধ ভাঙা থাকায় বর্ষা মৌসুমে স্বাভাবিক জোয়ারেই এসব স্থান দিয়ে পানি ঢোকে। লেবুখালী গ্রামের আনোয়ার হোসেন ফরাজী বলেন, বাঁধটি জরুরিভিত্তিতে মেরামত না করা হলে এটি আরও ভেঙে নদীগর্ভে বিলীন হবে। ফলে গ্রামের বসতবাড়ি ও ফসলি জমি নদীতে বিলীন হবে।একই গ্রামের কাসেম হাওলাদার জানান, এমনিতেই নদীপাড়ের বাড়িতে আতঙ্কে থাকতে হয়। হঠাৎ বাঁধের একটি স্থানে ধস শুরু হওয়ায় তাঁদের আতঙ্ক আরও বেড়ে গেছে।পাউবো পটুয়াখালীর উপসহকারী প্রকৌশলী আবুবকর ভূঁইয়া জানান, পায়রা নদীতে প্রবল স্রোতের কারণে লেবুখালী প্রতিরক্ষা বাঁধে আগেই ভাঙন দেখা দেয়। এক সপ্তাহ আগে জোয়ারের পানির চাপে ৭০ মিটার বাঁধ ধসে পড়ে। জরুরিভিত্তিতে বালুর বস্তা ফেলে বাঁধটি মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। শিগগির কাজ শুরু করা হবে।