পায়রা নদের ২০ কিলোমিটারে চলছে রেণু নিধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার বঙ্গোপসাগর মোহনার নদনদীতে অবৈধ খুঁটা ও মশারি জাল দিয়ে চিংড়ির পোনা ধরার নামে অন্যান্য পোনা ও মা-মাছ নিধন চলছে। শুধু বঙ্গোপসাগর তীরের আশারচর, নিদ্রা, সকিনা এলাকার পায়রা নদে কমপক্ষে ২৫ হাজার জেলে প্রতিদিন এ কাজ করছেন বলে স্থানীয় জেলেরা জানিয়েছেন। প্রশাসন ও মত্স্য বিভাগের কর্মকর্তারা এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছেন না বলে অভিযোগ রয়েছে। সরেজমিনে জানা গেছে, জেলার আমতলী উপজেলার পায়রা নদের তালতলী থেকে সকিনা পর্যন্ত ২০ কিলোমিটার এলাকায় এসব জালের ব্যবহার চলছে। দেশের বিভিন্ন এলাকা থেকে মহাজনেরা দাদন দিয়ে জেলে ও শুঁটকি শ্রমিকদের আশারচর, নিদ্রা ও সকিনায় আনছেন। বাগদা চিংড়ির রেণু সংগ্রহের নামে এসব জেলেকে দিয়ে ধরা হচ্ছে চামুয়া, হরিণা চিংড়ি, টেংরা, পোমা (পোয়া), তপসী, ফাইস্যাসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা।স্থানীয় জেলেদের সঙ্গে আলাপ করে জানা যায়, চিকন শলাকার মতো প্রায় আধ ইঞ্চি লম্বা বাগদা চিংড়ির রেণু ধরার মৌসুম শুরু হয় ফাল্গুন মাসে এবং তা জ্যৈষ্ঠ মাস পর্যন্ত চলে। তবে এখন আষাঢ় ও শ্রাবণ মাস ছাড়া বাকি সময়টাতেও মশারি জাল দিয়ে বাগদা রেণু ধরার কাজ চলে। বাগদা রেণু ধরার জন্য তালতলী থেকে নিদ্রা ও সকিনা পর্যন্ত প্রায় ২৫ হাজার জেলে এ কাজ করছেন। আশারচর থেকে পাথরঘাটা হয়ে চালনা, সাতক্ষীরা, পাইকগাছা, রামপাল এলাকায় রেণু চালান করা হয়। আশারচর ছাড়াও তালতলী, বগী, ফকিরহাটের বিভিন্ন আড়তে জেলেরা ৫০০-৬০০ টাকা দরে প্রতি হাজার বাগদা রেণু বিক্রি করেন। জেলেরা জানান, ফাল্গুন-চৈত্র মাসে টেংরা, ফাইস্যা, তপসী প্রভৃতি মাছে ডিম আসে। বৈশাখে ডিম ফুটে পোনা বের হয়। এ সময়টাতে মশারি জাল দিয়ে বাগদা রেণু ধরার সময় কোটি কোটি মাছের পোনা মেরে ফেলা হয়। পঁচাকোরালিয়া গ্রামের জেলে হাফেজ উদ্দিন বলেন, ‘এহন আর মোরা জালে আগের মতো মাছ পাই না। রেণু ধরার কাম কইরা বেডারা মাছের আকাল ফালাইয়া দেছে।’সাগরে মাছ ধরার পাশাপাশি পায়রা নদে বাগদা রেণু শিকার করেন সাতক্ষীরার জেলে জমশেদ আলী। তিনি জানান, এখান থেকে চিংড়ির পোনা ধরে সাতক্ষীরার বিভিন্ন ঘেরে সরবরাহ করেন। সেখানে প্রতিটি রেণু ৮০ পয়সা থেকে দুই টাকা পর্যন্ত বিক্রি করেন। পাইকগাছার অরূপ মাঝি বলেন, ‘আমরাও জানি রেণু পোনা ধরা অবৈধ। এতে মাছের পরিমাণ কমে যাচ্ছে। কিন্তু গরিবেরা তো ইচ্ছা করলেই এই পোনা না ধরে থাকতে পারে না। স্থানীয় মহাজনেরা দাদন দেন, তাই দিয়ে জাল ও নৌকা বানাই।’ কারা এসব মহাজন জিজ্ঞেস করলে নাম বলতে অস্বীকৃতি জানান তিনি। তালতলী বন্দর ও আমতলীর বিভিন্ন মত্স্য আড়তে খোঁজ নিয়ে জানা গেছে, সাত-আট বছর ধরে অনেক প্রজাতির মাছই তারা পাচ্ছে না। আমতলী মাছ বাজারের খুচরা মাছ ব্যবসায়ী নিজাম উদ্দীন জানান, গত ছয়-সাত বছর আগেও তাঁরা তপসী, পোয়া প্রভৃতি মাছ ৫০-৬০ টাকা কুড়ি (২০টি) বিক্রি করেছেন। এখন এক কুড়ি মাছ বিক্রি হয় ২৫০ থেকে ৩০০ টাকায়। আমতলী উপজেলা মত্স্য কর্মকর্তা মীর সাব্বির আহমেদ বলেন, ‘প্রয়োজনীয় লোকবল ও অন্যান্য সহায়তা না থাকায় এ ধরনের অবৈধ জাল ব্যবহার বন্ধ করা যাচ্ছে না। আমতলী থেকে তালতলী প্রায় ৩০ কিলোমিটার দূরে। তালতলী থেকে আশারচর আরও প্রায় ১৬-১৭ কিলোমিটার দূরে। এত দূর থেকে বিষয়টি দেখভাল করা দুরূহ।’ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ বিভাগের পরিচালক রাশেদুজ্জামান কাফী প্রথম আলোকে বলেন, ছোট ফাঁসের জাল দিয়ে নির্বিচারে পোনা আহরণের কারণে বঙ্গোপসাগরের মত্স্যভান্ডারে এরই মধ্যে নেতিবাচক প্রভাব পড়তে শুরু হয়েছে। সামনে আরও ভয়াবহ সময় অপেক্ষা করছে।