পায়রা বন্দর পর্যন্ত রেললাইন নির্মাণে এমওইউ সই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দরের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ স্থাপনে যুক্তরাজ্যের একটি কোম্পানির সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে বাংলাদেশ রেলওয়ে। এই চুক্তির আওতায় নির্মাণাধীন পদ্মা সেতু থেকে পায়রা বন্দর পর্যন্ত ২৪০ কিলোমিটার রেলপথ নির্মাণ করা হবে। ২০২৪ সালের মধ্যে নির্মাণকাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।
গতকাল মঙ্গলবার রেলভবনে বাংলাদেশ রেলওয়ে ও যুক্তরাজ্যের ডিপি রেল লিমিটেডের মধ্যে এই এমওইউ সই হয়। বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) কাজী রফিকুল আলম এবং ডিপি রেলের প্রধান নির্বাহী ইয়ান এস ডার্বিশায়ার নিজ নিজ পক্ষে এমওইউতে সই করেন।
এ সময় রেলপথমন্ত্রী মুজিবুল হক, যুক্তরাজ্য সরকারের বাণিজ্যবিষয়ক দূত ও বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী, রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফিরোজ সালাহ উদ্দিন, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার অ্যালিসন ব্লেইক ও রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন উপস্থিত ছিলেন।
সমঝোতা স্মারক অনুসারে, ডিপি রেল কোম্পানি নকশা প্রণয়ন, অর্থায়ন, রেললাইন নির্মাণ ও তা পরিচালনা করবে। নির্মাণকাজে সহযোগিতা করবে চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশন। ২০২৪ সালে নির্মাণ শেষে এই রেলপথ দিয়ে পায়রা বন্দর থেকে কনটেইনার পরিবহন করা হবে। বছরে প্রায় ২০ লাখ কনটেইনার পরিবহনের পরিকল্পনা করা হয়েছে।
অনুষ্ঠানে রেলপথমন্ত্রী বলেন, দক্ষিণাঞ্চলের জন্য প্রস্তাবিত রেললাইনটি খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে বরিশাল বিভাগ প্রথমবারের মতো রেল-সংযোগের আওতায় আসবে। গভীর সমুদ্রবন্দর থেকে মালপত্র পরিবহনের মাধ্যমে এই লাইন দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখতে পারবে। এটি রেলওয়ের নেওয়া উন্নয়ন প্রকল্পের মধ্যে সবচেয়ে বড়।
রুশনারা আলী বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে খুবই শক্তিশালী সম্পর্ক রয়েছে। উন্নয়নের ক্ষেত্রে দুই দেশের একই লক্ষ্য। বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের স্বার্থ এক ও অভিন্ন। বাংলাদেশের উন্নয়ন কার্যক্রম অভাবনীয়।