পায়রা বন্দর সচল রাখতে দরকার নিয়মিত খনন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

বন্দর বাস্তবায়নকারীরা বলছেন, ড্রেজিংয়ের জন্য অর্থসংস্থানের সমস্যা হবে না

দেশের তৃতীয় বাণিজ্যিক সমুদ্রবন্দর পায়রার সুষ্ঠু পরিচালন ও সংরক্ষণের জন্য নিয়মিতভাবে খননকাজ (মেইনটেন্যান্স ড্রেজিং) চালিয়ে যেতে হবে। কারণ, সমুদ্রের সঙ্গে এই বন্দরের সংযোগ স্থাপনের জন্য যেখানে চ্যানেল খনন করা হচ্ছে, সেই স্থানটি মেঘনার মোহনা থেকে বিপুল পরিমাণ পলিমাটি নিয়ে গভীর সামুদ্রিক খাড়িতে প্রবাহিত হওয়ার পথের মধ্যে পড়েছে।

এই চিত্র উঠে এসেছে সমুদ্র অর্থনীতি (ব্লু ইকোনমি) সংক্রান্ত একটি সমীক্ষা প্রতিবেদনে। ‘ন্যাশনাল ওশেনোগ্রাফিক অ্যান্ড মেরিটাইম ইনস্টিটিউট’ (নোয়ামি)-এর অর্থায়নে ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের (জিএসবি) সাবেক মহাপরিচালক ও বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের খণ্ডকালীন শিক্ষক সিরাজুর রহমান খানের তত্ত্বাবধানে এক বছর ধরে সমীক্ষাটি চালানো হয়।

সিরাজুর রহমান খান প্রথম আলোকে বলেন, বাংলাদেশের ওপরকার নদীধারা দিয়ে প্রতিবছর প্রায় ৮০ কোটি টন (কোনো কোনো বিশেষজ্ঞের মতে আরও অনেক বেশি পরিমাণে) পলি ও বালু বঙ্গোপসাগরে প্রবাহিত হয়। এর প্রায় অর্ধেক প্রবাহিত হয় মেঘনা অববাহিকা দিয়ে।  এই পলি যে পথে বঙ্গোপসাগরের ‘সোয়াচ অব নো গ্রাউন্ড’-এ প্রবাহিত হয়, ঠিক সেই পথের ওপরই পায়রা বন্দরের চ্যানেল তৈরির পরিকল্পনা বাস্তবায়নাধীন।

জিএসবির সাবেক এই মহাপরিচালক বলেন, সমুদ্রবক্ষ থেকে পায়রা বন্দর পর্যন্ত জাহাজের নির্বিঘ্ন আসা-যাওয়া নিশ্চিত করার জন্য যে রামনাবাদ চ্যানেলটি তৈরি করা হচ্ছে, সেটিতে প্রতিবছর বর্ষায় বিপুল পরিমাণ পলি পড়বে। ফলে চ্যানেলটি কার্যকর রাখতে হলে নিয়মিত খননের মাধ্যমে ওই পলি অপসারণ করতে হবে। এ জন্য যে পরিমাণ অর্থ ব্যয় ও অন্যান্য কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যেতে হবে, তাতে সমুদ্রবন্দর সুষ্ঠুভাবে বাণিজ্যিক ভিত্তিতে পরিচালনা ও সংরক্ষণ করা দুরূহ ব্যাপার।

পায়রা বন্দরের জন্য নির্ধারিত এলাকাটির ওপর টেকনো-ফিজিবিলিটি (কারিগরি সম্ভাব্যতা) সমীক্ষার কাজ করেছে ব্রিটিশ কোম্পানি এইচ আর উইলিংফোর্ড অ্যান্ড কনসোর্টিয়াম। সেই সমীক্ষায় পলির গতিপথ সম্পর্কে কিছু বলা হয়েছে কি না জানতে চাইলে পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর মো. সাইদুর রহমান প্রথম আলোকে বলেন, সমীক্ষায় পলির বিষয়টি উঠে এসেছে এবং এ সম্পর্কে কর্তৃপক্ষ অবহিত আছে। তবে ব্লু ইকোনমি-সংক্রান্ত সমীক্ষায় যেভাবে বলা হয়েছে, বিষয়টি তেমন নয়। মেঘনা অববাহিকার সব পলি ওই পথে প্রবাহিত হয় না। একটি ক্ষুদ্র অংশ ওই পথে ‘সোয়াচ অব নো গ্রাউন্ড’-এ যায়, যা ‘মেইনটেন্যান্স ড্রেজিং’ করে অপসারণ করা তেমন কঠিন কিছু হবে না।

কমোডর সাইদুর রহমান বলেন, পায়রায় গভীর সমুদ্রবন্দরের জন্য প্রয়োজনীয় সাড়ে ১৪ মিটার পর্যন্ত গভীরতা (ড্রাফট) পাওয়া সম্ভব হবে। আর ‘মেইনটেন্যান্স ড্রেজিং’-এর জন্য যে অর্থ প্রয়োজন হবে, তা সংস্থানে কোনো সমস্যা হবে না। ওই বন্দর দিয়ে সাধারণ কনটেইনার আনা-নেওয়া ছাড়াও সেখানে অন্তত পাঁচটি বিদ্যুৎকেন্দ্র, কয়লা আমদানির জন্য আলাদা টার্মিনাল, তেল শোধনাগার, এমনকি বিমানবন্দর পর্যন্ত স্থাপনের পরিকল্পনা রয়েছে। তাই মেইনটেন্যান্স ড্রেজিং এবং তার জন্য অর্থ ব্যয় কোনো বড় বিষয় নয়।

নৌপরিবহন মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্র জানায়, বন্দরের জন্য জায়গা নির্ধারণের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে প্রয়োজনীয় জমি পাওয়ার ওপর, যা সেখানে পাওয়া যাচ্ছে। তা ছাড়া জায়গাটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দুই মিটার উঁচু। বর্ষায়ও প্লাবিত হয় না। আর দেশের অন্যান্য এলাকার সঙ্গে সড়ক ও নৌপথে এই জায়গার সহজ যোগাযোগের ব্যবস্থা রয়েছে। পায়রা বন্দর থেকে ঢাকা পর্যন্ত রেল যোগাযোগ স্থাপনেরও পরিকল্পনা রয়েছে।

পায়রা সমুদ্রবন্দর নির্মাণ সরকারের বিশেষ অগ্রাধিকারের ১০টি বড় প্রকল্পের একটি। ২০১৩ সালের ১৮ নভেম্বর ১৬ একর জমির ওপর এই বন্দর স্থাপনের কার্যক্রম শুরু হয়। জায়গাটি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নে, রামনাবাদ নদীর পশ্চিম তীরে। ২০৩০ সালের মধ্যে বন্দরটি পূর্ণাঙ্গভাবে নির্মাণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তিনটি পর্বে এই কাজ সম্পন্ন করা হবে। এ জন্য প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১ হাজার ১০০ থেকে দেড় হাজার কোটি মার্কিন ডলার।