পায়রা বন্দরে জাহাজ ভিড়ছে আজ
দেশের তৃতীয় সমুদ্রবন্দর ‘পায়রা’র অনানুষ্ঠানিক কার্যক্রম শুরু হচ্ছে আজ সোমবার। চীন থেকে একটি জাহাজ ছোট পাথর নিয়ে বন্দরের রাবনাবাদ চ্যানেলের বহির্নোঙরে পৌঁছাবে আজ সকালে। তবে ১৩ আগস্ট নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বন্দরের কার্যক্রমের এবং পণ্য ওঠানো-নামানোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
পায়রা বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, এমভি ফরচুন বার্ড নামে একটি জাহাজ আজ সকাল ১০টার দিকে ৫৩ হাজার টন ছোট পাথর নিয়ে রাবনাবাদ চ্যানেলের বহির্নোঙরে পৌঁছাবে। পদ্মা সেতুর নির্মাণকাজের জন্য চীন থেকে এই পাথর আমদানি করছে সিলেটের পাথর ও কয়লা আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স মো. জালাল উদ্দিন।
জালাল উদ্দিন প্রথম আলোকে বলেন, পাথরবোঝাই জাহাজটি পায়রা বন্দরের চাড়িপাড়া এলাকার বহির্নোঙরে আসার পর মাল খালাস করে লাইটার জাহাজের মাধ্যমে পদ্মা সেতু এলাকায় নিয়ে যাওয়া হবে।
৯ আগস্ট এমভি পাম বিচ নামে আরেকটি জাহাজ ২৪ হাজার টন পাথরের দ্বিতীয় চালান নিয়ে এই বন্দরে ভিড়বে। মদিনা গ্রুপ মালয়েশিয়া থেকে এসব পাথর আমদানি করছে।
পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ক্যাপ্টেন মো. সাইদুর রহমান প্রথম আলোকে বলেন, এ কার্যক্রমের মাধ্যমে স্বল্প পরিসরে এই গভীর সমুদ্রবন্দরের বাণিজ্যিক যাত্রা শুরু হবে। তবে বন্দর পুরোপুরি চালু হতে ২০১৯ কিংবা ২০২০ সাল লেগে যাবে। তিনি বলেন, নতুন বন্দর হিসেবে পায়রা সমুদ্রবন্দরে কাস্টমস ও ইমিগ্রেশন, শিপিং এজেন্ট, পণ্য ওঠানো-নামানোর সুবিধা এবং ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) সুবিধা প্রথম থেকেই নিশ্চিত করা হচ্ছে। এ ছাড়া পায়রা বন্দর ব্যবহারে ব্যবসায়ীদের উৎসাহিত করতে পণ্য আমদানিতে শুল্ক ছাড়ের বিশেষ সুবিধাও দিতে চাইছে সরকার। সম্প্রতি ‘পায়রা সমন্বিত উন্নয়ন কার্যক্রম ও অগ্রগতি’ শীর্ষক এক সভায় বন্দরের মাধ্যমে পণ্য আমদানিতে শুল্ক ছাড়ের বিষয়টি আলোচিত হয়েছে।
সরেজমিনে দেখা যায়, বন্দর এলাকায় জেটি নির্মাণ, জেটি থেকে মূল সড়কে যাতায়াতের জন্য সড়ক নির্মাণ, বন্দরের চারপাশে বিদ্যুৎলাইন, প্রশাসনিক ভবন, বিশ্রামাগার এবং ব্যারাক হাউস নির্মাণের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। সাগরমোহনা থেকে পায়রা বন্দরের নিকটবর্তী রাবনাবাদ চ্যানেল পর্যন্ত নদীতে সিগন্যাল বয়া এবং নদীতীরবর্তী এলাকায় সিগন্যাল বাতি স্থাপন করা হয়েছে। তবে বন্দর থেকে সড়কপথে মালামাল পরিবহনের জন্য ঢাকা-কুয়াকাটা মহাসড়কের রজপাড়া পর্যন্ত চার লেনের মূল সংযোগ সড়ক নির্মাণ এখনো শুরু হয়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, চার লেনের সড়ক নির্মাণ প্রকল্পের জমি অধিগ্রহণের কাজ শেষ হয়েছে। প্রায় ছয় কিলোমিটার দীর্ঘ এই সড়ক নির্মাণে ২৫৪ কোটি টাকা ব্যয় হবে।
ক্যাপ্টেন সাইদুর রহমান বলেন, বন্দরটি চালুর মধ্য দিয়ে ব্যবসায়ীরা পণ্য নদীপথে নিরাপদে পরিবহনের সুযোগ পাবেন। ইতিমধ্যে রাবনাবাদ মোহনা থেকে চরকাজল, তেঁতুলিয়া নদী হয়ে ঢাকার কালীগঞ্জ পর্যন্ত নৌপথের গভীরতা যাচাইয়ের কাজ শেষ করা হয়েছে।