পায়রা বন্দরে পণ্য খালাস কার্যক্রম উদ্বোধন আজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে পটুয়াখালীর কলাপাড়ায় দেশের তৃতীয় পায়রা সমুদ্রবন্দরে পণ্য খালাসের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করবেন।
বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী বেলা ১১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্স করে নবনির্মিত পায়রা বন্দরে প্রথম সমুদ্রগামী জাহাজ আগমনের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করবেন। কলাপাড়া উপজেলার ইটবাড়িয়া গ্রামের পায়রা বন্দর প্রান্ত থেকে এই কনফারেন্সে যোগ দেবেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নিজাম উদ্দিন আহমেদ, নৌপরিবহন মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম প্রমুখ।
বন্দর-সংশ্লিষ্ট অনেকের সঙ্গে কথা বলে জানা গেছে, রাবনাবাদ চ্যানেল থেকে ৪৪ নটিক্যাল মাইল (প্রায় ৮০ কিলোমিটার) গভীর সমুদ্রে পায়রা বন্দরের উদ্দেশে আসা প্রথম জাহাজ ফরচুন বার্ড অবস্থান করছে। পদ্মা সেতু প্রকল্পের জন্য চীন থেকে ৫৩ হাজার টন ছোট পাথর নিয়ে এসেছে জাহাজটি। জাহাজটি বহির্নোঙরে থাকা অবস্থায় ২৫ হাজার টন এবং বন্দরের পন্টুনে এনে বাকি ২৮ হাজার টন পাথর খালাস করা হবে।
নাম প্রকাশ না করার শর্তে পণ্য আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স জালাল উদ্দিনের একজন কর্মচারী বলেন, নতুন বন্দরে প্রথম দিকে কিছুটা সমস্যা হতে পারে। তবে তাঁরা আশাবাদী যে ধীরে ধীরে এসব সমস্যা কেটে যাবে।
সরেজমিনে দেখা গেছে, রাবনাবাদ চ্যানেলের বহির্নোঙর থেকে পণ্য খালাসের জন্য এমভি পেয়ারা-৬ জাহাজ, এমভি ফেকু মিয়া, এম ভি সৈনিক-৫, এম ভি নিউটেক-২, এমভি নিউটেক-৬, এম ভি মেরিন-৫, এম ভি মেরিন-৮, এম ভি টাইগার অব ইস্ট বেঙ্গল-৭, কে এস এল প্রাইড এবং কে এস এল গ্লাডিয়েটর নামের ১০টি ছোট লাইটার জাহাজ জেটিসংলগ্ন আন্ধারমানিক নদে অপেক্ষা করছে। মদিনা গ্রুপের এম ভি ফেকু মিয়া জাহাজের মাস্টার মো. মাসুদ আলম বলেন, ‘সাগর প্রচণ্ড উত্তাল। এ কারণে লাইটারেজ জাহাজ মাদার ভ্যাসেলের গায়ে ভিড়ানো যাচ্ছে না। আমরা দুই দফা চেষ্টা করেও ব্যর্থ হয়েছি।’
পায়রা বন্দর কর্তৃপক্ষের সচিব মুহাম্মদ রেজাউল কবীর বলেন, ‘সবই ঠিক ছিল। শুধু দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য পণ্য খালাস কার্যক্রমে সমস্যা হয়েছে। আশা করি, এই সমস্যা কয়েক দিনের মধ্যে কেটে যাবে। পণ্য খালাস শুরু হলে বন্দরটিও গতিশীল হবে।’