পায়রা বন্দরের নির্মাণকাজ পরিদর্শনে প্রতিনিধিদল
সরকারের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল গত সোমবার পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় দেশের তৃতীয় সমুদ্রবন্দর পায়রার নির্মাণকাজ পরিদর্শন করেছে। প্রতিনিধিদলের সদস্যরা প্রাথমিক পর্যায়ের এই কাজের খোঁজখবরও নেন।
প্রতিনিধিদলে সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও স্থানীয় সাংসদ মাহবুবুর রহমান, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নিজামউদ্দিন আহমেদ, নৌসচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম, নারায়ণগঞ্জ ডকইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক কমোডর খুরশিদ মালিক, পটুয়াখালীর জেলা প্রশাসক অমিতাভ সরকারসহ সরকারের বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা ছিলেন।
পায়রা সমুদ্রবন্দর নির্মাণ প্রকল্পের ব্যবস্থাপক লে. সরদার বেল্লাল হোসেন বলেন, ‘আমরা দিন-রাত কাজ করছি। আশা করছি, কয়েক দিনের মধ্যে পুরো কাজ শেষ হয়ে যাবে।’
রামনাবাদ চ্যানেলসহ আন্ধারমানিক নদের ইটবাড়িয়া গ্রাম পর্যন্ত তৃতীয় সমুদ্রবন্দর প্রকল্পের এলাকা চিহ্নিত করা হয়েছে। ইতিমধ্যে বন্দর প্রকল্পের জন্য টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামের বাসিন্দাদের ১৬ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বন্দরের ভিত্তিফলক উন্মোচন করবেন।