পায়রা-বিষখালী-বলেশ্বর তীরে দীর্ঘশ্বাস
পাথরঘাটার বলেশ্বর নদের তীরের গ্রাম রুহিতা। এখানে দাঁড়ালে বঙ্গোপসাগরের ক্রোধমাখা গর্জন শোনা যায়। আর শোনা যায় গৃহহীন-বুভুক্ষু মানুষের দীর্ঘশ্বাস। গত শুক্রবার নদের পার ধরে সোজা পশ্চিমে যেতেই চোখে পড়ে সারি সারি খুপরি ঘর। এখানকার অন্তত ৩০০ ঘরে অসংখ্য নারী-পুরুষ ও বৃদ্ধ-শিশুর বসবাস। একসময় তাদের বাড়ি ছিল। সাজানো সংসারে মোটামুটি স্বাচ্ছন্দ্যও ছিল। কিন্তু ২০০৭ সালের ১৫ নভেম্বর ঘূর্ণিঝড় সিডর তাদের সব তছনছ করে দিয়েছে। এখন তারা উদ্বাস্তু। থাকে বাঁধের ঢালে, সরকারি জমিতে।শুধু রুহিতা নয়, এমন অনেক পরিবারের দেখা মিলেছে পদ্মা স্লুইস, হরিণঘাটা, হাজীরখাল চরলাঠিমারা, দক্ষিণ চরদুয়ানি, তাফালবাড়িয়া, কাঁঠালতলী, বকুলতলা, জ্ঞানপাড়া, চরদুয়ানি, ছোট ও বড় টেংরা, দক্ষিণ চরদুয়ানি এলাকায়। বরগুনা সদর উপজেলার পায়রা নদীর তীরবর্তী দক্ষিণ পাতাকাটা, পালের বালিয়াতলী, ফালিসাতলী, বুড়িরচর; বিষখালী নদীতীরবর্তী নিশানবাড়িয়া, লতাকাটা, জর্জনবুনিয়া, গাজী মামুদ, আগাপদ্মা, গোড়াপদ্মা, বাওয়ালকর ও ফুলঝুড়ি এলাকায়। সিডরের তিন বছর পরও তারা নতুন করে ঘর তুলতে পারেনি; জীবিকায়ও ফিরতে পারেনি।পাথরঘাটার বেসরকারি উন্নয়ন সংস্থা মাল্টি টাস্কের পরিচালক এ কে আজাদ মল্লিক বলেন, ‘আমরা জরিপ করে দেখেছি, উপজেলায় বন্যানিয়ন্ত্রণ বাঁধের ঢালে প্রায় সাত হাজার পরিবার মানবেতর জীবনযাপন করছে। সিডর ও নদীভাঙনে ঘরবাড়ি হারিয়ে এখন তারা উদ্বাস্তু।’দুপুরে বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নের বিষখালী তীরের গোড়াপদ্মা এলাকায় গিয়ে দেখা গেছে, প্রায় আড়াই হাজার পরিবার বাঁধের ঢালে খুপরি ঘর তুলে মাথা গোঁজার ঠাঁই করে নিয়েছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সিডরে ক্ষতিগ্রস্তদের মধ্যে প্রায় ৫০ হাজার পরিবার এখনো গৃহহীন রয়েছে।জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, ‘জাপান ও সৌদি আরব সরকারের অর্থ-সহায়তায় সরকারিভাবে জেলায় কিছু ব্যারাক হাউস নির্মাণ করা হচ্ছে। আশা করি, এখানে অনেক পরিবার পুনর্বাসিত হবে।’