পায়রা সমুদ্রবন্দরের নিরাপত্তা ভবন উদ্বোধন
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, পায়রা সমুদ্রবন্দরকে ঘিরে গোটা দক্ষিণাঞ্চলে অর্থনৈতিক অঞ্চল সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে। এখানে শিপইয়ার্ড নির্মাণ এবং তৈরি জাহাজ বিদেশে রপ্তানি করা হবে।
গতকাল বৃহস্পতিবার পায়রা সমুদ্রবন্দরের ‘নিরাপত্তা ভবন’ উদ্বোধন উপলক্ষে এক সুধী সমাবেশে মন্ত্রী এ কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ২০১৫ সালের মধ্যে বহির্নোঙরে জাহাজ এনে ক্লিংকার আনলোডিংয়ের পরিকল্পনা করা হয়েছে। এ পরিকল্পনা বাস্তবায়নের জন্য ইতিমধ্যে ফেয়ারওয়ে বয়া, চ্যানেল বয়া, রিভার মুরিং, রিভার বয়া, লাইট হাউস ও ভি এইচ স্টেশন স্থাপনে দরপত্র আহ্বান করা হয়েছে।
পটুয়াখালীর কলাপাড়ার রাবনাবাদ চ্যানেলের তীরে টিয়াখালী ইউনিয়নে স্থাপিত এ পায়রা সমুদ্রবন্দর।
মন্ত্রী জানান, পায়রা বন্দরের জন্য একটি প্রশাসনিক ভবন, ছয় হাজার একর জমি অধিগ্রহণ এবং বন্দরের জন্য বিভিন্ন ধরনের জলযান ক্রয়ের একটি প্রকল্প সরকারের অনুমোদনের অপেক্ষায় আছে। ২০১৮ সালের মধ্যে লালুয়া ইউনিয়নের রাবনাবাদ চ্যানেলের পশ্চিম প্রান্তে মূল বন্দর স্থাপনের প্রথম ধাপের কাজ শেষ হবে।
পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ও সাংসদ মো. মাহবুবুর রহমান।