পায়রাপারের মানুষ এখনো ঘর পায়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের পায়রা নদীর পারে বাঁধের ঢালে ঝুপড়িঘরে বাস করছেন মেহেন্দীয়াবাদ গ্রামের ফাতেমা বেগম (৬০) ও তাঁর স্বামী শামসুল হক (৭০)। সিডরের জলোচ্ছ্বাসে তাঁদের বসতঘর ভাসিয়ে নেওয়ার পর ঘরহারা এই পরিবারটি দীর্ঘ চার বছরেও ঘর পায়নি। তাই বাধ্য হয়ে আতঙ্ক নিয়ে নদীর পারে বাঁধের ঢালে বাস করতে হচ্ছে তাঁদের। ফাতেমা বেগম বলেন, ‘বইন্যায় (সিডর) মোর ছোড একচালা ঘরডা ফালাইয়া দেছে। পানিতে ভাইস্যা গেছে সব। টোকাইয়া পাইছি কয়েকটা ভাঙা টিন ও কাঠখুড়। হেইয়া দিয়া কোনো রহমে ছাপরা দিয়া আছি এহানে। বইন্যার পর লোকজন আইয়া মোগো নাম লেইখ্যা নেছে। নতুন ঘর দেবে কইছে। হেই থেইক্যা ঘরের আশায় আছি।’২০০৭ সালের ১৫ নভেম্বর রাতে ঘূর্ণিঝড় সিডর আঘাত হানে দক্ষিণ উপকূলে। লন্ডভন্ড হয়ে পড়ে এই উপকূলীয় এলাকা। এর মধ্যে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের পায়রা নদীর পারের মেহেন্দীয়াবাদ, রানীপুর, চরখালী ও গোলখালী গ্রাম সম্পূর্ণ বিধ্বস্ত হয়। দেউলী সুবিদখালী ইউপির চেয়ারম্যান আবদুস সালাম মৃধা জানান, সিডরের চার বছর পরও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পায়রাপারের চার গ্রামের দেড় শতাধিক গৃহহারা পরিবারকে এখনো পুনর্বাসিত করা সম্ভব হয়নি। এসব পরিবার এখন বেড়িবাঁধের ঢালে জীবনের ঝুঁকি নিয়ে বাস করছে।মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান বলেন, আটটি আশ্রয়ণ প্রকল্পের কাজ প্রায় শেষ। শুধু মাটি ভরাটের কাজ বাকি রয়েছে। এ ছাড়া এ বছর চারটি আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে। সিডরে ঘরবাড়িহারা যেসব পরিবার এখনো পুনর্বাসিত হয়নি, তাদের এ বছরই ওই আশ্রয়ণে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।